কেন্দ্র গেল পাল্টে ভোট গেল জলে
ভুল করে দুটি কেন্দ্রের ভোট অদলবদল হওয়ায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ডালবুগঞ্জ ইউনিয়নের দক্ষিণ খাপড়াভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর খাপড়াভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটাররা ভোট দিতে যাননি।
ওই দুটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দক্ষিণ খাপড়াভাঙ্গা কেন্দ্রের ভোটারদের ভোট চলে গেছে উত্তর খাপড়াভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং উত্তর খাপড়াভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটারদের ভোট চলে গেছে দক্ষিণ খাপড়াভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। ফলে দুই কেন্দ্রের ভোটারদের দূরে গিয়ে ভোট দিতে হয়েছে। এতে করে ভোটারদের উপস্থিতি কম হয়েছে।
সকাল ১০টায় ও বেলা ১১টার সময় বদল হওয়া কেন্দ্র দুটিতে গিয়ে দেখা গেছে, কেন্দ্র দুটি একরকম ফাঁকা। রিটার্নিং কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ‘এই ভুলটা আমরাও তো জানি না। যদি আগে থেকে কেউ জানাত, তাহলে হয়তো আমরা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করে ভুল সংশোধনের চেষ্টা করতে পারতাম।’