কেন্দ্র ঘোষিত দুই কমিটি নিয়ে হবিগঞ্জ ছাত্রলীগে বিভক্তি
হবিগঞ্জ জেলা ছাত্রলীগের কাউন্সিল ছিল গত ১০ মার্চ। বিরোধ থাকায় সেদিন নতুন কোনো কমিটি ঘোষণা না দিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা ঢাকায় চলে যান। পরের দিন ঢাকা থেকে নতুন কমিটি ঘোষণা দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান ওরফে রিপন। তার পরের দিন ছাত্রলীগের কেন্দ্রীয় তিন নেতা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রলীগের পাল্টা কমিটি ঘোষণা দেওয়া হয়। এই দুই কমিটি নিয়ে হবিগঞ্জ জেলা ছাত্রলীগ এখন বিভক্ত হয়ে পড়েছে।প্রায় সাত বছর পর কাউন্সিলকে ঘিরে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা তত্পর হয়ে ওঠেন। ১০ মার্চ হবিগঞ্জ পৌরসভা মাঠে এ কাউন্সিলে জেলা ছাত্রলীগের ৩৯৯ জন কাউন্সিলর প্রস্তুত ছিলেন তাঁদের নেতা নির্বাচনে। প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ও হবিগঞ্জ-৪ আসনের সাংসদ এনামুল হক মোস্তফা শহীদ। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিজবাহ উদ্দিন সিরাজ, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান, সাংসদ আবদুল মজিদ খান ও আবু জাহির।রাত আড়াইটা পর্যন্ত চেষ্টা করেও সমঝোতার ভিত্তিতে জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা দিতে পারেননি কেন্দ্রীয় নেতারা। তাঁরা ঢাকা থেকে নতুন কমিটি ঘোষণার আশ্বাস দিয়ে হবিগঞ্জ ছাড়তে চাইলে শত শত ছাত্রলীগের নেতা-কর্মী হবিগঞ্জে থেকেই নতুন কমিটি ঘোষণার দাবি জানান। কিন্তু ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান পুলিশ প্রহরায় হবিগঞ্জ সার্কিট হাউস ত্যাগ করেন। এর পরের দিন ১১ মার্চ মোস্তফা কামাল ওরফে রাসেলকে সভাপতি ও সাইফুল ইসলাম ওরফে রানাকে সাধারণ সম্পাদক করে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেন মাহমুদ হাসান। মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদক এর আগে বৃন্দাবন সরকারি কলেজ শাখার সহসভাপতি ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।কিন্তু জেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের অনেকে নতুন কমিটি মেনে না নিয়ে পুনরায় বিবেচনার দাবি জানান কেন্দ্রীয় কমিটির কাছে। এর এক দিন পর ১২ মার্চ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি সুজাতুর রহমান, গণশিক্ষা সম্পাদক আবু আব্বাস ও উপগণশিক্ষাবিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম ওরফে ঢালী স্বাক্ষরিত অপর এক বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রলীগের নেতা শফিকুজ্জামান হিরাজকে সভাপতি ও আবুল কাসেম চৌধুরীকে সাধারণ সম্পাদক করে আরেকটি কমিটির অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় সভাপতি মনোনীত জেলা ছাত্রলীগের সভাপতি মোস্তফা কামাল বলেন, ‘নতুন কমিটিকে জেলা ছাত্রলীগের প্রত্যেক নেতা-কর্মী স্বাগত জানিয়েছেন। আমরা আশাবাদী নতুন নেতৃত্বে সংগঠনটি আরও শক্তিশালী হবে।’অপর কমিটির সাধারণ সম্পাদক আবুল কাসেম চৌধুরী বলেন, ‘জেলার প্রত্যেক কাউন্সিলর চেয়েছেন দলের সভাপতি সাংগঠনিক রীতি অনুসরণ করে হবিগঞ্জেই তিনি কমিটি গঠন করে দিয়ে যাবেন। কিন্তু দেখা গেল তিনি ঢাকায় গিয়ে একটি কমিটি গঠন করে পাঠান।’ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুজাতুর রহমান বলেন, ‘আমিসহ অপর দুজন হবিগঞ্জ জেলার সাংগঠনিক দায়িত্বে রয়েছি। আমরা যে কমিটি গঠন করে দিয়েছি সেটিই প্রকৃত কমিটি।’ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান বলেন, ‘দলীয় সিদ্ধান্তে রাসেল ও রানাকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কেউ কেন্দ্রের সিদ্ধান্ত অমান্য করলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’