সিলেট মহানগর বিএনপির নতুন কমিটির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বিলুপ্ত কমিটির আহ্বায়ক শাহরিয়ার হোসেন চৌধুরীসহ ১০ জনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে। কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ সংক্রান্ত নোটিশ গত বৃহস্পতিবার সিলেট পৌঁছায়। দলীয় সূত্র জানায়, ৫ নভেম্বর কেন্দ্র থেকে সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ হককে সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর আবদুল কাইয়ূম জালালীকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি ঘোষণার পরদিন কমিটি প্রত্যাখ্যান করে শাহরিয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ হয়। শাহরিয়ারের সমর্থকেরা সংবাদ সম্মেলন করে কমিটি পুনর্বিবেচনার আহ্বান জানান।এর পরিপ্রেক্ষিতে কেন্দ্র থেকে সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে শাহরিয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের বিলুপ্ত কমিটির সদস্য হাবিবুর রহমান, মিফতা সিদ্দিকী, নাজমুল ইসলাম ও মহবুব চৌধুরী, বর্তমান কমিটির দপ্তর সম্পাদক আবদুল ওয়াছেহ চৌধুরী, জেলা যুবদলের সভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ এবং সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।শাহরিয়ার হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কারণ দর্শানোর নোটিশের কথা শুনেছি। তবে কারা, কেন এ নোটিশ দিয়েছে, তা জানি না। এ ব্যাপারে কেন্দ্র থেকে কোনো কাগজপত্র আমার হাতে আসেনি। কাজেই এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না।’