কেন্দ্র দখল আর জাল ভোটের অদ্ভুত নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দফার নির্বাচনে দেশের বিভিন্ন উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, কেন্দ্র দখল, জাল ভোট, সরকার-সমর্থকদের হামলার অভিযোগ করেছে বিএনপি। দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গতকাল বুধবার ভোট গ্রহণ শেষে এসব অভিযোগ এনে বলেছেন, ‘অটোমেটিক সংসদের স্বয়ংক্রিয় প্রধানমন্ত্রী অদ্ভুত নির্বাচন করেছেন।’
দলের পক্ষ থেকে উপজেলা নির্বাচন পরিস্থিতি তুলে ধরতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল থেকে তিন দফা সংবাদ সম্মেলন করেন রিজভী। এই তিন দফায় মোট অন্তত ৭৬৩টি কেন্দ্রে নানা ধরনের অনিয়ম ও জালিয়াতির অভিযোগ আনেন তিনি। এর মধ্যে প্রথম দফায় ৩৭৪টি, দ্বিতীয় দফায় ২৮২টি এবং তৃতীয় দফায় ১০৭টি কেন্দ্রে হামলা, এজেন্টদের বের করে দেওয়া, জাল ভোট দেওয়ার অভিযোগ আনেন।
সন্ধ্যায় সংবাদ সম্মেলনে রিজভী বলেন, উপজেলা পরিষদ নির্বাচন যে গত ৫ জানুয়ারির নির্বাচনেরই ধারাবাহিকতা, তা প্রমাণিত হয়েছে। ৫ জানুয়ারির নির্বাচনে বিএনপি অংশ নিলে যে কী পরিণতি হতো, তা আজ প্রমাণিত হয়েছে। নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন যে কতটা যৌক্তিক ও গ্রহণযোগ্য, তা উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো।
রিজভী দাবি করেন, সাত থেকে আটটি উপজেলা সরকারি দল দখল করে নিয়েছে। এ ছাড়া মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, গাইবান্ধা, নাটোর, কিশোরগঞ্জ, শরীয়তপুর, মেহেরপুর, নেত্রকোনা, বরিশাল ও সিলেট জেলার বিভিন্ন উপজেলাসহ প্রায় সব উপজেলায় হামলা, কেন্দ্র দখল এবং বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া ও জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। তিনি জানান, আজ বৃহস্পতিবার সকালে দলের পক্ষ থেকে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
এর আগে দুপুরে করা সংবাদ সম্মেলনেও একই ধরনের অভিযোগ করেন রিজভী। আর সকালের সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও নিজের করায়ত্তে নিতে সরকার নানা ধরনের ষড়যন্ত্র করছে।
রিজভী সে সময় অভিযোগ করেন সরকারদলীয় ক্যাডার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায় বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছেন। প্রশাসন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের সহযোগিতা করছে। সাজানো প্রশাসন দিয়ে ‘তামাশার জবরদস্তি নির্বাচন’ করছে সরকার। তামাশা করার জন্যই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁর নিজের হাতে রেখেছেন।
রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে উপজেলা নির্বাচন নিয়ে আশঙ্কার কথা জানানোর পরও তারা নির্লিপ্ত ছিল। কমিশনের এই ভূমিকার নিন্দা জানান তিনি।