কেন্দ্র দখল ও জাল ভোটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে আজ বৃহস্পতিবার কেন্দ্র দখল, জাল ভোট ও কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

স্বতন্ত্র প্রার্থীর এস এম আকরামের প্রধান নির্বাচনী এজেন্ট মাহবুবুর রহমান এ অভিযোগ করেন। বিভিন্ন কেন্দ্রে গিয়ে এ অভিযোগের সত্যতা মিলেছে।

আকরামের প্রধান নির্বাচনী এজেন্ট মাহবুবুর রহমান অভিযোগ করে বলেন, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট, ১৩ নম্বর নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরুষ), ১৩ নম্বর নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (মহিলা), মাধবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাসেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্র থেকে তাঁদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

সকালে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট কেন্দ্রে গিয়ে এই প্রতিবেদক আকরামের এজেন্টদের দেখতে পাননি। এ বিষয়ে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রুহুল আমিন দুপুরে প্রথম আলোকে বলেন, পোলিং এজেন্ট বের করে দেওয়ার তথ্য সত্য নয়। তিনি দাবি করেন, সকাল আটটায় ভোট শুরু হলেও এস এম আকরামের পোলিং এজেন্টরা দেরিতে এসেছেন। এখন তাঁরা কেন্দ্রে আছেন।

নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে গিয়ে দেখা যায়, একই ব্যক্তি একাধিকবার ভোট দিচ্ছেন। সাংবাদিকেরা নাম-পরিচয় জানতে চাওয়ার পর তিনি সটকে পড়েন।

এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুল কাউয়ুম খান বলেন, ‘আমরা এখন ছবি দেখে মিলিয়ে মিলিয়ে ভোট দিতে দিচ্ছি।’

নারায়ণগঞ্জ বার একাডেমি কেন্দ্রের চারপাশে লাঙ্গলের ব্যাচ লাগানো কয়েক শ কর্মীকে দেখা গেছে। এই কেন্দ্রেও জাল ভোট চলছে।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কামাল হোসেন বলেন, ‘একজন নাম ভুল বলেছিলেন। পরে দেখা গেছে, তিনি যে নাম বলেছেন, সেটা তাঁর নাম না। পরে ব্যালট নিয়ে নেওয়া হয়।’

বিবি মরিয়ম বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে লাঙ্গলের ব্যাচ পরা শতাধিক কর্মী দেখা গেছে। একজন কর্মীকে দেখা গেল পুলিশের একজনকে সিগারেট দিতে। র্যাবের দুটি গাড়ি সেখানে গেলে তাঁরা সটকে পড়েন। র্যাবের গাড়ি চলে গেলে আবার তাঁদের দেখা যায়। এই কেন্দ্রে জাল ভোটও পড়ছে।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জহিরুল হক মৃধা দাবি করেন, ‘শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।’

দুপুরে আকরাম অভিযোগ করেন, ভোটের শেষ দিকে জাল ভোট দেওয়া হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন।

কেন্দ্র থেকে পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেলিম ওসমান বলেন, ‘এটা দেখার জন্য নির্বাচন কমিশন আছে। তারাই এটা দেখছে। আমার জানা মতে, এমন কিছু ঘটার কথা না।’

রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ দাবি করেন, বিচ্ছিন্নভাবে কিছু অভিযোগ পেয়ে তাত্ক্ষণিকভাবে খোঁজ নিয়েছেন তিনি। তবে এসব অভিযোগের সত্যতা মেলেনি। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট চলছে।

নারায়ণগঞ্জ-৫ আসনে মোট ভোটার তিন লাখ ৪২ হাজার ৪০৫ জন। এর মধ্যে কেবল বন্দরের ভোটার দুই লাখ ১০ হাজার ৯৬ জন। শহরের ভোটার এক লাখ ৪১ হাজার ৩০৯ জন। এতে বন্দরের ভোটেই নির্ধারিত হবে প্রার্থীর ভাগ্য।

সকাল আটটা থেকে বন্দরের ৮৯টি কেন্দ্রে ভোট নেওয়া শুরু হয়েছে। ভোট চলছে শহরের ৫২টি কেন্দ্রেও।