কেন্দ্র দখল ও জাল ভোটের 'উৎসব'
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী, সিরাজদিখান ও লৌহজং উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল সোমবার আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের কেন্দ্র দখল ও জাল ভোটের ‘উৎসব’ করতে দেখা গেছে।
লৌহজংয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারাসহ জাল ভোট ও কেন্দ্র থেকে পোলিং এজেন্টেদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে দুপুর ১২টার দিকেই নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান খান। এ ছাড়া টঙ্গিবাড়ী ও সিরাজদিখানের ১২টি কেন্দ্র ঘুরে জাল ভোটসহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
ধামারণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা পৌনে দুইটায় গিয়ে প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং এজেন্টেসহ কর্মকর্তাদের একটি কক্ষে খাওয়া-দাওয়ায় ব্যস্ত থাকতে দেখা যায়। ভোটকেন্দ্রে কোনো ভোটার না থাকলেও প্রিসাইডিং কর্মকর্তা আতাউর জানান, দুই হাজার ৩৯৬ ভোটের মধ্যে এক হাজার ৮০০ ভোট গ্রহণ করা হয়েছে।
দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের কর্মীরা টঙ্গিবাড়ীর ব্রাহ্মণভিটা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ব্যালটে সিল মারার মুহূর্তে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাজির হলে তাঁরা দ্রুত পালাতে শুরু করেন। কেন্দ্রে অনুপ্রবেশের দায়ে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
বেলা তিনটার দিকে সিরাজদিখানের মালখানগর স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা সহকারী প্রিসাইডিং কর্মকর্তার সামনেই টেবিলের ওপরে ব্যালটে সিল মারছেন।
মালখানগর ইউনিয়নের গোরাপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১ নম্বর কক্ষে গিয়ে দেখা যায়, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রিপন চন্দ্র কর ব্যালট এগিয়ে দিচ্ছেন আর বহিরাগতরা সিল মারছেন।
তিনটা ৫০ মিনিটে রশুনিয়া ইউনিয়ন কমপ্লেক্স কেন্দ্রে গিয়ে দেখা যায়, বহিরাগতরা ব্যালটে সিল মারছেন।
এ ছাড়া সিরাজদিখানের পূর্ব শিয়ালদি গ্রামের ৮-১০ জন লোক সড়কের পাশে একটি দোকানে বসে ভোট নিয়ে আলোচনা করছেন। ওই এলাকার আবদুল বারেক জানান, বেলা ১১টার দিকে তিনি ভোট দিতে গেলে আওয়ামী লীগের প্রার্থীর কাপ-পিরিচ প্রতীকের সমর্থকেরা বলেন, ‘আপনার আর কষ্ট কইরা ভোট দেওন লাগব না। আপনার ভোট আমরাই দিয়া দিছি।’
এদিকে লৌহজং উপজেলায় বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ-সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল্লাহ আল মামুন নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার মোর্শেদ জানান, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে।