কেন্দ্র দখল ও সহিংসতার আশঙ্কা বিএনপির প্রার্থীর
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি-সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোস্তাফিজুর রহমান। গতকাল শুক্রবার কলাপাড়া প্রেসক্লাবে এক সংবাদ সমেঞ্চলনে তিনি এই শঙ্কা প্রকাশ করেন।
লিখিত বক্তব্যে মো. মোস্তাফিজুর রহমান বলেন, আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল মোতালেব তালুকদার, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোস্তফা কামাল ও নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বেগম বিলকিস জাহান সহিংসতা সৃষ্টির মাধ্যমে কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই, জালভোট প্রদান ও ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ভোট প্রদান হতে বিরত রাখার পরিকল্পনা নিয়েছেন। কয়েকজন সন্ত্রাসী ও ক্ষমতাসীন দলের কিছু নেতা-কর্মী উপজেলার বিভিন্ন গ্রামে ভোটারদের হুমকি দিচ্ছেন। এ বিষয়ে মো. আবদুল মোতালেব তালুকদার বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত এসব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।’ রিটার্নিং কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ভালো নির্বাচন করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই।