ভোটকেন্দ্রের বাইরে পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। কিছুক্ষণ পর পর ম্যাজিস্ট্রেটসহ বিজিবি ও র্যা ব টহল দিচ্ছে। কেন্দ্রের ভেতরে ভোটার নেই, তবে বাক্সে ভোট পড়ছে ঠিকই। গতকাল বুধবার মুন্সিগঞ্জের ভোটকেন্দ্রে এ দৃশ্য দেখা গেছে।
এদিকে মিরকাদিম পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী শহীদুল ইসলামের বিরুদ্ধে একই দলের ‘বিদ্রোহী’ প্রার্থী মনছুর আহমেদ ও বিএনপির প্রার্থী কেন্দ্র দখল করে সিল মারার অভিযোগ করেন। আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে তাঁর বাড়ির আশপাশের পাঁচটি কেন্দ্র দখলের অভিযোগ করেন মনছুর আহমেদ।
বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল ইসলাম মুন্সিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচনে তাঁর ওপর আওয়ামী লীগের প্রার্থীর হামলা, কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারাসহ জাল ভোটের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এ ছাড়া বিএনপির প্রার্থী এ কে এম ইরাদত আওয়ামী লীগের প্রার্থীর লোকজনের বিরুদ্ধে পৌরসভার ২৫টি কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারার অভিযোগ করেন। তিনি ওই সব কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবি করে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বলে প্রথম আলোকে জানান।
তবে রিটার্নিং কর্মকর্তা মো. ফজলে আজিম বলেন, বিএনপির প্রার্থীর অভিযোগ তিনি পাননি। আর রেজাউল নির্বাচন বর্জন করেছেন এমন খবরও তাঁর জানা নেই। তবে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে তিনি দাবি করেন।
মুন্সিগঞ্জ পৌর এলাকার ১৫টি কেন্দ্র ঘুরে ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল আটটা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে পোলিং এজেন্ট ভোটারদের কাছে থেকে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে নিজেরাই নৌকা প্রতীকে সিল মেরেছেন। আর ভোটারদের শুধু কাউন্সিলরের ব্যালট পেপারে সিল দেওয়ার সুযোগ দেওয়া হয়।
বেলা সোয়া একটার দিকে বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, বাইরে পুলিশ ও আনসার সদস্যরা অবস্থান করছেন। ভোটকেন্দ্রে ভোটারদের কোনো লাইন নেই। ভেতরে গিয়ে দেখা যায়, পোলিং এজেন্টরা ব্যালটে নৌকায় সিল মারছেন। দেড়টার দিকে দেখা যায়, দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে ভেতরে বহিরাগতরা বসে আছেন। ভোটাররা ভেতরে ঢুকতে চাইলেও ঢুকতে দেওয়া হচ্ছে না। বাইরে সড়কে পুলিশের নিরাপত্তা।
মিরকাদিমে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনছুর যে পাঁচ কেন্দ্র সম্পর্কে অভিযোগ দিয়েছেন, তার একটি হচ্ছে রিকাবীবাজার বালিকা উচ্চবিদ্যালয়। এ কেন্দ্রে বেলা সোয়া দুইটায় গিয়ে দেখা যায়, মনছুরের মোবাইল ফোন মার্কা ও ধানের শীষের পোলিং এজেন্ট নেই। ১৩-১৪ বছরের কিশোরেরাও ভোটকেন্দ্রের লাইনে দাঁড়িয়ে ভেতরে প্রবেশ করে ভোট দিচ্ছে। একই কেন্দ্রে বেলা আড়াইটায় গিয়ে দেখা যায়, বহিরাগতরা কেন্দ্রের ভেতরে ও বাইরে অবস্থান করছেন। বিএনপির প্রার্থী মো. শামসুর রহমান বলেন, আওয়ামী লীগের প্রার্থীর লোকজন সকালেই তাঁর পোলিং এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্র নিয়ন্ত্রণে নিয়ে নেন। তবে আওয়ামী লীগের প্রার্থী বলেন, নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে।