কেন্দ্র দখল করে সিল, ব্যালট ছিনতাই, সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার সোনাতলা উপজেলার কাতলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপারে সিল দিচ্ছেন এক নির্বাচনী কর্মকর্তা। গতকাল সকাল ১০টা ৩৮ মিনিটে তোলা ছবি । সোয়েল রানা
বগুড়ার সোনাতলা উপজেলার কাতলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপারে সিল দিচ্ছেন এক নির্বাচনী কর্মকর্তা। গতকাল সকাল ১০টা ৩৮ মিনিটে তোলা ছবি । সোয়েল রানা

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটারের ব্যালট পেপার কেড়ে নিয়ে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে সিল মেরেছেন ছাত্রলীগের এক নেতা। একই দৃশ্য দেখা গেছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও।
বগুড়ার সোনাতলা উপজেলার মোট ৪৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১৫টি কেন্দ্র ঘুরে জাল ভোট, ব্যালট-ভর্তি বাক্স ছিনতাই ও ভাঙচুর, কেন্দ্রে হামলা, নির্বাচনী কর্মকর্তাদের মারধর বা নির্বাচনী উপকরণ বিনষ্টের তথ্য পাওয়া গেছে। সবই ঘটিয়েছেন সরকারদলীয় সমর্থকেরা।
গতকাল বুধবার উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণে ১৬টি উপজেলায় ৬৫ কেন্দ্রে এমন নানা অনিয়ম দেখেছেন এবং অনিয়মের তথ্য পেয়েছেন প্রথম আলোর প্রতিবেদক ও প্রতিনিধিরা। কোথাও কোথাও সংঘর্ষ ও হাতাহাতিও হয়েছে। বিএনপি তিন দফায় সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছে, প্রথম ধাপের নির্বাচনে ৭৬৩টি কেন্দ্রে অনিয়ম হয়েছে।
৪০টি জেলার ৯৭ উপজেলার ছয় হাজার ৮৮৯ কেন্দ্রে গতকাল ভোট গ্রহণ করা হয়।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ রাতে বিবিসিকে জানান, ভোর থেকেই কেন্দ্র মনিটর করার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে অভিযোগ এসেছে। এসবের পরিপ্রেক্ষিতে ব্যবস্থাও নেওয়া হয়েছে। কিছু অভিযোগ সত্য ছিল। কিন্তু অধিকাংশ অভিযোগেরই কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি।
সোনাতলা উপজেলায় ৩৫ কেন্দ্রে অনিয়ম হয়েছে, বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে মো. শাহনেওয়াজ বলেন, অভিযোগ আসতেই পারে। কমিশন যাচাই করে চারটি কেন্দ্র বন্ধ করে দিয়েছে।
নির্বাচন বর্জন: মেহেরপুর সদর উপজেলায় নির্বাচন বর্জন করেছেন ১৯-দলীয় জোট-সমর্থিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা। বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মারুফ আহমেদ অভিযোগ করেন, অন্তত ২২টি স্থানে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। এসব স্থানে আওয়ামী লীগের সমর্থকদের হামলায় ১১ জন আহত হন। ৩৩টি কেন্দ্রে বিকেল চারটার পরও ভোট দেওয়া হয়েছে।
পাবনার সুজানগরে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী হাজারী জাকির হোসেন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে অভিযোগ করেন, আওয়ামী লীগের সমর্থকেরা ৪০টি কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দিয়েছেন।
কমপক্ষে ১৯টি কেন্দ্র থেকে এজেন্টদের মারধর করে বের করে দেওয়াসহ নানা অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন নড়াইলের কালিয়া উপজেলার বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আসজাদুর রহমান। তবে জেলা রিটার্নিং কর্মকর্তা আবদুল গাফফার খান দাবি করেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে।
হরতাল ঘোষণা: বরিশালের বাকেরগঞ্জ ও গৌরনদীতে আজ বৃহস্পতিবার হরতাল ডাকা হয়েছে। বাকেরগঞ্জে ভোটারদের উপস্থিতি ছিল কম। সেখানকার ১২টি কেন্দ্র ঘুরে ছয়টিতে জাল ভোট বা কেন্দ্র দখলের ঘটনা চোখে পড়ে। বাকেরগঞ্জের চরাদি ইউনিয়নের হলতা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, পোলিং কর্মকর্তা মো. মশিউর রহমানের সামনেই আওয়ামী লীগের কর্মীরা ব্যালট পেপারে সিল মারছেন। পরে সাংবাদিক দেখে তাঁরা সরে পড়েন।
গৌরনদীতে সব কটি (৪৪) কেন্দ্রে ভোট কারচুপিসহ নানা অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি ও জাতীয় পার্টির সমর্থিত প্রার্থীরা। উপজেলার সরিকল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের সময় আটক হন সরকারদলীয় চার সমর্থক। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম পারভেজসহ আটক হন আওয়ামী লীগের আরও চার কর্মী। বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা অভিযোগ করেন, সরকারদলীয় সমর্থকেরা ৪৫টি ভোটকেন্দ্র থেকে তাঁদের এজেন্টদের বের করে দিয়েছেন।
ভোলার লালমোহনে কয়েকটি কেন্দ্রে দেখা যায়, ভোট শুরুর দুই ঘণ্টা পর ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেন। বদরপুর সেন হাওলাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ চর টিটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চতলা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে দেখা গেছে। হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টকে পিটিয়ে বের করে দেন আওয়ামী লীগের সমর্থকেরা। বাংলাবাজার এলাকায় ভোটকেন্দ্রে যাওয়ার পথে বিএনপির চার কর্মীকে পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয়েছে। সাদাপুল এলাকায়ও ছয়জনকে মারধর করা হয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আকতারুজ্জামান সকালে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে বলেন, প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করছে। প্রতিকার চাইলে উল্টো তাঁর কর্মী-সমর্থকদের হয়রানি করা হচ্ছে। ৬৭টি কেন্দ্রের সব কটিতেই জাল ভোট বা তাঁদের এজেন্টদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। প্রতিবাদে আজ উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।
ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে আজ সেখানে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। দলটির সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী রাকিবুল হাসান খান নানা অনিয়মের অভিযোগ এনে এ ঘোষণা দেন।
সরেজমিনে দেখা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে শৈলকুপার মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে সরকারদলীয় সমর্থকেরা ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যাচ্ছেন। এরপর ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
সদর উপজেলার গান্না সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হন। হরিশংকরপুর, দোগাছী, পোড়াহাটি, নলডাঙ্গা, কালীচরণপুর ইউনিয়নে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়।
কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের মাজদিয়া, বারফা মঙ্গলপৈতা ও সুবর্ণাস্বারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হয়। কোটচাঁদপুরে ভোটারদের বাড়ি থেকে বের হতে না দেওয়ার ঘটনা ঘটেছে।
সংঘর্ষ: সুনামগঞ্জের দোয়ারাবাজারে বীরসিং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুরে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, আনসারসহ সাতজন আহত হন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাদিকুর রহমান জানান, মারামারির সময় কয়েকজন ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করেন। তাতে বাধা দিলে আনসার সদস্যদের মারধর করা হয়।
গোপালগঞ্জের মুকসুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়েছে। এ ছাড়া খলিসাবাড়ী প্রাথমিক বিদ্যালয়, কলিগ্রাম প্রাথমিক বিদ্যালয় ও কাশিয়ানীর হিরন্নকান্দি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়া নিয়ে হাতাহাতি হয়।
নেত্রকোনার কেন্দুয়ায় মাস্কা ইউনিয়নের পিজাহাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে কমপক্ষে ১৩ জন আহত হন। পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কেন্দ্র দখল: যশোরের অভয়নগরে রাজঘাট জাফরপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র দুপুরে দখলে নেন আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী রবিন অধিকারীর কর্মীরা। তাঁরা বিএনপি-সমর্থিত প্রার্থী নূরুল হক মোল্লার এজেন্টদের বের করে দিয়ে ব্যালট পেপারে সিল মারতে থাকেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে কেন্দ্রটি নিয়ন্ত্রণে নেন।
মাইকে হামলার ঘোষণা: নীলফামারীর সৈয়দপুরে গোলাহাট রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, বিকেল চারটায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়। এরপর তিনি হঠাৎ শুনতে পান, পাশের একটি মসজিদের মাইক থেকে ওই কেন্দ্রে হামলা চালানোর জন্য ঘোষণা দেওয়া হচ্ছে। তিনি বিষয়টি সঙ্গে সঙ্গে সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও শফিকুল ইসলামকে জানান। ইউএনও দ্রুত ঘটনাস্থলে স্ট্রাইকিং ফোর্স পাঠান। পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিটলার চৌধুরীকে আটক করা হয়েছে।
কারাদণ্ড: লালমোহনে জাল ভোট দেওয়ার অপরাধে জিয়াউর রহমান নামে আওয়ামী লীগের এক সমর্থককে এক বছর কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ঝিনাইদহ সদর উপজেলায় ভোটারদের ওপর প্রভাব বিস্তার করার দায়ে দোগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা ফয়েজ উদ্দিনকে তিন মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা।