স্বামী ও দেবরকে ভোট দিতে না পেরে দুই নারীর প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাউন্সিলর প্রার্থী এস এম নাজিমউদ্দিনকে ভোট দেওয়ার জন্য সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়েছিলেন ওই প্রার্থীর ভাবি আসিয়া সুলতানা এবং তাঁর স্ত্রী ফিরোজা বেগম। কিন্তু ভোট কেন্দ্রে ঢুকে দেখেন, তাঁদের ভোট অন্য কেউ দিয়ে দিয়েছেন।

এরপর এই দুই নারী বুথের বাইরে বের হয়ে চিৎ​কার করে এর প্রতিবাদ জানান। জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনায় ওই কেন্দ্রে ভোট বাতিল করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৩৪ নম্বর ওয়ার্ডের এই কেন্দ্রটিতে সরেজমিন এমন আরও কিছু অভিযোগ পাওয়া যায়।
এই দুই নারীর প্রতিবাদের মুখে দায়িত্বরত র‍্যাবের কর্মকর্তা জানান, একটি কেন্দ্র আপাতত বন্ধ আছে। তখন আসিয়া সুলতানা প্রশ্ন করেন, ‘কেন বন্ধ থাকবে? সব বন্ধ করেন, সব বন্ধ। কেউ ভোট দিতে পারবে না।’ প্রায় এক ঘণ্টা ধরে প্রতিবাদ জানাতে থাকেন দুজন।
আসিয়া বলেন, ‘আমরা মহল্লার মেয়ে, মহল্লার বউ। দেবরকে ভোট না দিতে পারলে কাউকে ভোট দিতে দেব না।’ এরপর তাঁরা প্রিসাইডিং কর্মকর্তার কাছে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ বাধা দেওয়ায় ফটকের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানান তাঁরা।