কেন্দ্র দখল কিংবা ব্যালট বাক্স ছিনতাই হলে নির্বাচন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম বলেছেন, নির্বাচনী কেন্দ্র দখল কিংবা ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটলে নির্বাচন বন্ধ করে দেওয়া হবে। নির্বাচনের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। তাহলেই একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ মিলনায়তনে গতকাল শনিবার দুপুরে এক প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মো. সিরাজুল ইসলাম এসব কথা বলেন। জেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে কর্মশালায় প্রায় ৪০০ জন প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা অংশ নেন।
মো. সিরাজুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে নিষেধ করা হয়নি। তাঁরা অবশ্যই ভোটকেন্দ্রে যাবেন এবং তথ্য সংগ্রহ করবেন। তবে বুথের ভেতর থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না। এতে ভোটারদের ভোট গ্রহণে সমস্যার সৃষ্টি হয়। এ জন্যই নির্বাচন কমিশন বুথের ভেতর থেকে সরাসরি সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে।
এ সময় নির্বাচন কমিশন সচিবের সঙ্গে জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা রিটার্নিং কর্মকর্তা গাজী মো. আসাদুজ্জামান কবির এবং জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান উপস্থিত ছিলেন।
মতবিনিময়: সাংবাদিক নেতা এবং সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী বলেছেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, সাংবাদিকদের ভোটকেন্দ্রে ঢুকতে প্রিসাইডিং কর্মকর্তার অনুমতি লাগবে। এতে ভোটকেন্দ্রের প্রকৃত চিত্র সাংবাদিকেরা জানতে পারবেন না।
গতকাল দুপুরে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নাসির উদ্দিন আহম্মেদের নির্বাচনী প্রচারণা শেষে মানিকগঞ্জ প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় রুহুল আমিন গাজী সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, বিগত উপজেলা পরিষদ এবং সিটি নির্বাচনে ভোট ডাকাতি হয়েছে। ভোটাররা তাঁদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। পৌরসভা নির্বাচনে আগের ভোট জালিয়াতির শঙ্কা করছেন ভোটাররা।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।