কেন্দ্র দখল, জাল ভোট ও সংঘাতের এক নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি দলের প্রভাবের মধ্যে সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে যেখানেই সরকারি দলের নিয়ন্ত্রণ কম ছিল, সকাল থেকে সেখানে সংঘর্ষ ও হামলা হয়েছে।
সরাইলে দুপুর থেকে কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেওয়া, ব্যালট পেপার ছিনিয়ে জাল ভোট দেওয়া, ভোট গ্রহণ সাময়িক বন্ধ, সংঘাত ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।
প্রায় সব কেন্দ্রেই ভোট গ্রহণ ধীরগতিতে হলেও নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অধিকাংশ কেন্দ্রের ভেতরে ও বাইরে সরকার দলীয় বহিরাগত ব্যক্তিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও সরাইল উপজেলায় অনুষ্ঠিত ইউপিগুলো সরেজমিন ঘুরে এসব চিত্র দেখা গেছে।
এদিকে সরাইলের পাঁচটি ইউপির কয়েকটি কেন্দ্রে সরকার দলীয় চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকেরা কেন্দ্র দখল করতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ায় আনসার সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ছাড়া সরাইলে এক চেয়ারম্যান পদপ্রার্থীর লোকজনের হামলায় তিন সাংবাদিক আহত হন।
সরাইল: সকালে চুন্টা ইউপির এসি একাডেমি কেন্দ্রে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান মিয়ার লোকজন কেন্দ্রের কর্তব্যরত লোকজনকে জিম্মি ও মারধর করে সাতটি বুথ দখলে নেন। এ সময় তাঁরা প্রায় ৪০০ জাল ভোট দেন এবং ভোট প্রদানের সিল, মার্কার কলম ও কালি ছিনিয়ে নেন। সেখানে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে এটিএন নিউজের আলোকচিত্রী সুমন রায় (৩২) ও যমুনা টিভির হাসান জাবেদকে (২৫) মারধর করে ক্যামেরা ভাঙচুর করা হয়। তাঁদের রক্ষা করতে এগিয়ে গেলে এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরোর প্রধান পীযূষ কান্তি আচার্যকেও (৪৫) মারধর করে আহত করা হয়। কেন্দ্রটি দিনভর সরকার দলীয় প্রার্থীর দখলে ছিল।
অরুয়াইল ইউনিয়নের রানীদিয়া উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ও দুপুরে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমানের সমর্থনে অর্ধশতাধিক বহিরাগত ভেতরে প্রবেশ করে কেন্দ্র দখলের চেষ্টা করলে দুই দফায় দুই ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। ওই কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে বিএনপি প্রার্থীর সমর্থক জামাল মিয়া (৪০) গুরুতর আহত হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভোটকেন্দ্রে বহিরাগতদের আগমন প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, ‘তারা আমার নিকট আত্মীয়। জেলা থেকে ভোট দেখতে এসেছে।’
দুপুর দেড়টার দিকে সরাইল সদর ইউপির কুট্টাপাড়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীর লোকজন জাল ভোট দিতে গেলে ইসলামী ঐক্যজোটের প্রার্থী সুমন মিয়ার সমর্থকেরা বাধা দেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন ১৬টি গুলি ছোড়েন। এতে পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে পুলিশের কনস্টেবল রুবেল বড়ুয়া (২৫), আনসার সদস্য আলী হোসেন (২৫), ইউপি সদস্য পদপ্রার্থী শেখ আবুল কালাম (২৮) ও জাবেদ মিয়া (৩২) আহত হন। বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত থাকে।
বিকেল ৩টা ৫৫মিনিটে কুট্টাপাড়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই ইউপি সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন ১৫টি গুলি ছোড়েন। এ সময় সোহেল মিয়া (২০) নামের আনসারের এক সদস্য গুলিবিদ্ধ হন। তাঁকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই কেন্দ্রে দায়িত্বরত পুলিশের এএসআই এনায়েত হোসেন দাবি করেন, কেন্দ্র দখল করতে আসা দুর্বৃত্তদের ছোড়া গুলিতে সোহেল আহত হয়েছেন। তবে স্থানীয় লোকজন বলেন, আনসারের গুলিতেই সোহেল আহত হন।