কেন্দ্র দখল, জাল ভোট, সংঘর্ষে শেষ নির্বাচন
সিরাজগঞ্জের রায়গঞ্জে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত ইউপি নির্বাচন ভোটকেন্দ্র দখল, জাল ভোট, বিক্ষিপ্ত সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে। পুলিশ ও সরকারদলীয় সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আটটি রাবার বুলেট ও আটটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নাসির উদ্দিন নাজির অভিযোগ করেন, ব্রহ্মগাছা ইউনিয়নের জানকীগাঁতী-বারইভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তাঁর প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর লোকজন ভোটারদের কাছ থেকে ব্যালট পেপার কেড়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মারেন। এ ঘটনার প্রতিবাদ করায় বিএনপি ও তাঁর এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। পরে বিএনপির সমর্থকেরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। তিনি বলেন, তাঁর চোখের সামনে ব্যালট কেড়ে নৌকায় সিল মারা হয়েছে। বিষয়টি প্রশাসনকে অবগত করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আটটি রাবার বুলেট ও আটটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ ঘটনায় চারজন আহত হন।
বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ অভিযোগ করেন, সকাল থেকে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিন্নাহ আলমাজি ও তাঁর ছেলে হাসানের নেতৃত্বে জানকীগাঁতী-বারইভাগ ভোটকেন্দ্র দখল করে জাল ভোট এবং ভোটারদের কাছ থেকে ব্যালট কেড়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মারা হয়। এ সময় তাঁর এজেন্টরা বাধা দেওয়ায় তাঁদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়।
জিন্নাহ্ আলমাজী বলেন, প্রতিপক্ষরা পরাজয় নিশ্চিত জেনে নানা অপপ্রচার চালাচ্ছে।
অপরদিকে পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সরকারদলীয় লোকজনের সংঘর্ষ হয়। এ সময় আবদুস সালাম ও হাসানুর নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।
রায়গেঞ্জর ইউএনও ইকবাল আক্তার বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ভোট মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি কেন্দ্রে গুলির ঘটনা ঘটলেও অন্য সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
উপজেলায় নয়টি ইউপিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নয়জন বিদ্রোহী, বিএনপির পাঁচজন বিদ্রোহী, জামায়াত সমর্থিত চারজন, জাতীয় পার্টির লাঙ্গল একজন, ইসলামী আন্দোলনের একজন ও স্বতন্ত্র দুজনসহ মোট ৪০ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।