কেন্দ্র দখল জেনেও ভোট বন্ধ করতে পারেনি ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটকেন্দ্র দখল করা হয়েছে জানার পরও চাঁদপুরের গাজীপুর ইউনিয়নের ভোট গ্রহণ বন্ধ করতে পারেনি নির্বাচন কমিশন। কমিশন সচিবালয় থেকে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পুরো ইউনিয়নের নির্বাচন বন্ধের জন্য নথি তৈরি করা হলেও নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে নিতে ভোট গ্রহণ শেষ হয়ে যায়।
গতকাল সন্ধ্যায় এ বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, অনেকের কাছ থেকে তথ্য নিয়ে যাচাইবাছাই করে সিদ্ধান্ত নিতে সময় লেগেছে।
কমিশন সচিবালয়ের এ-সংক্রান্ত নথি থেকে জানা যায়, চাঁদপুরের হাইমচর উপজেলার গাজীপুর ইউনিয়নে গতকাল সকালে নৌকা প্রতীকের সমর্থকেরা নয়টি কেন্দ্র থেকে অন্যান্য প্রার্থীর এজেন্টদের বের করে দেন। বিষয়টি জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সঙ্গে সঙ্গে কমিশনকে জানান। কমিশন সচিবালয় থেকে এ বিষয়ে বেলা সাড়ে ১১টায় গাজীপুর ইউনিয়নের নির্বাচন পুরোপুরি বন্ধের সুপারিশ করে নথি উত্থাপন করা হয়। সিইসিসহ তিন কমিশনার তাতে সম্মতি দেন। এরপর নথিটি কমিশনার জাবেদ আলীর কক্ষে গিয়ে আটকে যায়। বিকেল চারটায় তিনি অন্যদের সঙ্গে দ্বিমত করে নথি ছেড়ে দেন।
এ বিষয়ে জানতে রাতে জাবেদ আলীকে ফোন করে পাওয়া যায়নি।
তা সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে গাজীপুরের নির্বাচন বন্ধ হওয়ার কথা। কিন্তু তখন আপত্তি তোলেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। তিনি বলেন, ‘এখন ভোট বন্ধ করা হলে নৌকা প্রতীকের সমর্থকেরা প্রিসাইডিং ও অন্য ভোট গ্রহণ কর্মকর্তাদের কেন্দ্রে আটকে ফেলবে। এতে দাঙ্গা-হাঙ্গামাও শুরু হতে পারে।’ শেষ পর্যন্ত কেন্দ্রগুলো আর বন্ধ হয়নি।
কমিশন সচিবালয়ের নির্বাচনী প্রতিবেদন থেকে আরও জানা যায়, গতকাল ভোট গ্রহণ চলার সময় বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এস এম জাকির হোসেন নির্বাচন কমিশনকে ফ্যাক্স বার্তায় জানান, এ উপজেলার ১২টি ইউনিয়নে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। ভোটার উপস্থিতি সন্তোষজনক। তবে বিভিন্ন ভোটকেন্দ্রে সরবরাহ করা স্ট্যাম্প প্যাডগুলোতে কালি নেই, শুকিয়ে গেছে। জেলা নির্বাচন অফিস থেকে প্রতিটি ভোটকেন্দ্রের জন্য একটি করে কালির বোতল সরবরাহ করা হলেও তা পর্যাপ্ত নয়। এ ছাড়া মার্কিং সিলগুলোর আঠা খুলে যাওয়া এবং অমোচনীয় কালি শুকিয়ে যাওয়ায় ভোট গ্রহণে সমস্যা হচ্ছে।