কেন্দ্র দখল, বিএনপির ভোট বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের হিজলা উপজেলা পরিষদ নির্বাচনের স্থগিত কেন্দ্রের ভোট গ্রহণেও কেন্দ্র দখল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সুলতান মাহমুদ সিকদারের সমর্থকদের বিরুদ্ধে। এ অবস্থায় নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে আগামী রোববার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে বিএনপি।
১৫ মার্চ নির্বাচন চলাকালে হিজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদুল ইসলামকে লাঞ্ছিত করা হয়। এ ছাড়া সংহতি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র এবং দক্ষিণ বড়জালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল ও সংঘর্ষের কারণে তিন কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। গতকাল বৃহস্পতিবার ওই তিন কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হয়। বিএনপি-সমর্থিত প্রার্থী দেওয়ান মো. শহীদুল্লাহ বলেন, ১৫ মার্চ অনুষ্ঠিত ৩০টি কেন্দ্রের মধ্যে ২৭ কেন্দ্রের ফলাফলে তিনি এগিয়ে ছিলেন। এরপর স্থগিত হওয়া কেন্দ্রের ভোট নিজেদের দখলে নিতে আওয়ামী লীগ উঠেপড়ে লাগে। তারা গতকাল নির্বাচন শুরুর আগ থেকেই কেন্দ্র দখল করে নেয়। বিএনপির বিদ্রোহী প্রার্থী আবদুল গাফফার তালুকদার অভিযোগ করেন, স্থগিত কেন্দ্রের ভোট নিজের দখলে নেওয়ার জন্য ১৯ মার্চ তাঁর ওপর হামলা চালানো হয়। ভোটারদের ভয়ভীতি দেখানো হয়েছে। এজেন্ট বের করে দিয়ে তারা সিল মেরেছে। তাই তাঁরা নির্বাচন বর্জন করেছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, কেন্দ্র দখল বা সিল মারা ও এজেন্ট বের করে দেওয়ার কোনো অভিযোগ তাঁর কাছে আসেনি। জেলা নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।
১৫ মার্চ ঘোষিত ২৭ কেন্দ্রের ফলাফলে দেওয়ান মো. শহীদুল্লাহ এক হাজার ৪৪ ভোটে বিএনপি-সমর্থিত প্রার্থীর চেয়ে পিছিয়ে ছিলেন। স্থগিত হওয়া তিন কেন্দ্রে মোট ভোটার নয় হাজার ২১।