কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই!
ভোটকেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই ও জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে। ভোটকেন্দ্র পরিদর্শন করে কমপক্ষে চারটি কেন্দ্রে এসব অভিযোগের সত্যতা পাওয়া যায়। যদিও বিএনপির পক্ষ থেকে ২৪টি কেন্দ্র দখলের অভিযোগ আনা হয়েছে।
বিএনপি-সমর্থিত প্রার্থী বদরুচ মেহের এবং বোয়ালখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ খান বলেন, ‘সরকার পূর্বপরিকল্পিতভাবে প্রশাসনের সহযোগিতায় ব্যালট ছিনতাই, কেন্দ্র জবরদখল, এজেন্টদের ওপর হামলার মাধ্যমে ফলাফল প্রভাবিত করেছে। আমরা সোমবার নতুন কর্মসূচি ঘোষণা করব।’
জামায়াত-সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল কবীর বলেন, ‘সরকার দলের সমর্থকেরা অন্তত ৩০টি কেন্দ্র দখল করেছেন। আমরা এ নির্বাচন প্রত্যাখ্যান করছি।’
বদরুচ মেহের বলেন, ‘আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর লোকজন বিভিন্ন কেন্দ্র থেকে আমাদের লোকজনকে বের করে দিয়ে কেন্দ্র দখল করেছে।’
তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মো. আতাউল হক বলেন, ‘আমাদের লোকজনের এমন আচরণ করার কথা নয়। এর পরও আমি অভিযোগ খতিয়ে দেখব।’
শ্রীপুর মসজিদ বাড়ি কেন্দ্রে ভোটারদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ পেয়ে বেলা পৌনে একটায় সেখানে গিয়ে দেখা যায়, সেখানে কোনো পুরুষ ভোটার নেই। ১০-১২ জন নারী ভোটার লাইনে দাঁড়িয়ে আছেন। প্রিসাইডিং কর্মকর্তা মো. ইকবাল বলেন, ভোটদানে কিছুটা বিঘ্ন ঘটে। পরে আবার ভোট গ্রহণ শুরু হয়।
জ্যেষ্ঠপুরা সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া যায়। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শাহাদাত কবীর বলেন, জাল ভোট দেওয়ায় দুজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
খরনদ্বীপ এমদাদুল উলুম মাদ্রাসা কেন্দ্রে বেলা সোয়া একটা থেকে তিনটা পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ থাকার অভিযোগ পাওয়া গেছে। খরনদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইকবাল অভিযোগ করেন, আওয়ামী লীগের সমর্থকেরা বেলা সোয়া একটার দিকে কেন্দ্রে এসে সব এজেন্টকে বের করে দেন। তাঁরা কমপক্ষে ২০০টি ব্যালট পেপারে সিল মেরে ব্যালট বাক্সে ঢুকিয়ে দেন।
সহকারী প্রিসাইডিং কর্মকর্তা দীলিপ কুমার এভাবে ব্যালট বাক্সে জাল ভোট ঢোকানোর বিষয়টি স্বীকার করলেও প্রিসাইডিং কর্মকর্তা আশরাফ উদ্দিন অভিযোগ অস্বীকার করেন।
আমুচিয়া কাশীমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলকে কেন্দ্র করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চারটি গুলি ছুড়ে। এ কেন্দ্রে বেলা আড়াইটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ ছিল। এখানে দখলকারীরা বুথের সবাইকে জিম্মি করে তিনটি ব্যালট পেপারের পাতা নিয়ে যায়। এর মধ্যে দুটির ৫০ পাতা ব্যবহূত ছিল। এগুলো তারা ছিঁড়ে ফেলে যায়। তবে একটির কোনো খোঁজ মেলেনি।
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুব্রত বিশ্বাস সিকিমের লোকজন কেন্দ্র দখল ও হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া যায়।
অভিযোগ অস্বীকার করে সুব্রত বিশ্বাস দাবি করেন, বিএনপির সমর্থকেরা ব্যালট ছিনতাই করতে এসেছিলেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম বলেন, ‘কেন্দ্রে বিশৃঙ্খলার খবর পেয়ে আমরা দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এ জন্য চারটি গুলি ছুড়তে হয়েছে। ১০০টি ব্যালট পেপারের একটি বই খোয়া গেছে।’