কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, নিহত ১
প্রথম দফার চেয়ে দ্বিতীয় দফার উপজেলা পরিষদ নির্বাচন ছিল সহিংস। ২৬ জেলার বিভিন্ন উপজেলার অন্তত ৩৫টি কেন্দ্রে আওয়ামী লীগ, বিএনপি-জামায়াত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় একজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।
এই ২৬টি জেলার শতাধিক ভোটকেন্দ্র্রে জাল ভোট, ব্যালট পেপার ছিনতাই, কেন্দ্র দখল করে ব্যালটে সিল, বিএনপির এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এসব কেন্দ্র প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা ঘুরে এই তথ্য পেয়েছেন।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের নান্দিয়াপাড়া ডিগ্রি কলেজ ভোটকেন্দ্রে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থক ও পুলিশের মধ্যে ত্রিপক্ষীয় সংঘর্ষ সাদ্দাম হোসেন (২০) নামের এক যুবক মারা গেছেন। বিএনপি সাদ্দামকে দলীয় কর্মী দাবি করলেও তাঁর পরিবার বলছে, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। এ ছাড়া জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তেলাবুদুল কেন্দ্রে অসুস্থ হয়ে মারা যান পোলিং অফিসার পলাশ চন্দ্র মহন্ত (৩০)।
নির্বাচনে নানা অভিযোগ এনে নোয়াখালী, ফেনী, কক্সবাজার, বরিশাল সদর ও ভোলার চরফ্যাশনে রোববার এবং মুন্সিগঞ্জ সদরে শনিবার সকাল-সন্ধ্যা ও কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শনিবার আধা বেলা হরতাল ডেকেছে বিএনপি।
পৌনে চার ঘণ্টায় ৮০ শতাংশ ভোট!: দুপুর তখন পৌনে ১২টা। বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ৮০ শতাংশ ভোট প্রদান শেষ। এ ব্যাপারে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. গোলাম রাব্বি বলেন, ‘জানি না এটা কীভাবে সম্ভব হয়েছে?’ একই ধরনের ঘটনা ঘটে শায়েস্তাবাদ ইউনিয়নের দক্ষিণ চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। বেলা সাড়ে ১১টার মধ্যে সেখানে ৭৩ শতাংশ ভোট পড়েছে। কেন্দ্রে ভোটার দুই হাজার ১৭৯ জন। এর মধ্যে এক হাজার ৫৮৩ জন ভোট দিয়েছেন।
সংঘর্ষ: বাগেরহাটের ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের সাতসিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অদূরে বেলা ১১টার দিকে আওয়ামী লীগের কিছু কর্মীর অবস্থান নিয়ে একপর্যায়ে বিজিবির সদস্যদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। বিজিবি চেয়ারম্যান প্রার্থীসহ চারজনকে আটক করলে উত্তেজিত জনতা ভোটকেন্দ্রে হামলা করে ব্যালট বাক্স ছিনিয়ে নেয়। পরে কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। ভোলার বোরহানউদ্দিন উপজেলার ২০টি কেন্দ্রে সরকারদলীয় সমর্থকদের জাল ভোট, কেন্দ্র দখল ও বিএনপি-সমর্থিত ভোটারদের মারধরের ঘটনা ঘটেছে। চরফ্যাশনের আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষে আহত হন ২৫ জন।
গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়। মেহেরপুরের গাংনী উপজেলার কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে ৮-১০টি বোমা ফাটানো হয়। এতে চারজন আহত হন। ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত হন ১২ জন। তিরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত হন ১৭ জন।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুজন আহত হন। দুটি কেন্দ্র থেকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী স ম লেনিনের পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়। মাদারীপুরের শিবচরে ভোট কারচুপির অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে প্রতিবাদ সমাবেশ করে বিএনপি। সেখানে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। সংঘর্ষ হয় মুন্সিগঞ্জ সদর উপজেলার মালিরপাথর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভট্টাচার্জেরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। সেখানে বিএনপির নেতা আয়াত আলী ও তাঁর ছেলে মামুন দেওয়ানকে কুপিয়ে জখম করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হারিণমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে বিজিবির তিন সদস্য আহত হন। নাটোরের লালপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও বালিতিতা ইসলামপুর কেন্দ্রে সংঘর্ষে আহত হন নয়জন।
জামালপুরের মেলান্দহ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, আমিত্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভাবকী উচ্চবিদ্যালয়ে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। শেরপুরের ঝিনাইগাতীর চেংগুরিয়া আনছার আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং পিরোজপুরের নাজিরপুর উপজেলার মধ্য যুগিয়া কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তিন স্থানে সংঘর্ষে কমপক্ষে ২৭ জন আহত হন। যশোরের চৌগাছা, শার্শা ও ঝিকরগাছা উপজেলায় বিএনপির প্রার্থী ও সাংবাদিকদের ওপর হামলা হয়েছে।
ব্যালট পেপার ছিনতাই: সিরাজগঞ্জের তাড়াশের সগুনা ইউপির বিন্যাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বেলা পৌনে দুইটার দিকে আওয়ামী-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা কেন্দ্রে ঢুকে ব্যালট পেপারের বই কেড়ে নিয়ে সিল মারতে থাকেন। পরে কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। ভোট শেষ হওয়ার পাঁচ মিনিট আগে সিলেটের বালাগঞ্জের জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কিছু লোক হামলা চালিয়ে ব্যালটভর্তি দুটি বাক্স ছিনিয়ে নেন। ভোলার বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালিয়ে অন্তত ১০০ ব্যালট পেপার ছিনিয়ে নেন ছাত্রলীগের কর্মীরা।
গোপালগঞ্জের সদর থানার চর শুকতাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৫৭টি ব্যালট পেপার এবং ফেনী সদর উপজেলার ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬০০ ব্যালট ও দুটি ব্যালট বাক্স ছিনতাই করেছে দুর্বৃত্তরা। জামালপুরের মেলান্দহ উপজেলায় তিনটি কেন্দ্রে এবং মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও সিন্দুরকোটা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ সদর উপজেলার ছয়টি কেন্দ্র ঘুরে আওয়ামী লীগের সমর্থকদের কেন্দ্র দখল ও ব্যালটে সিল মারার চিত্র দেখা গেছে।
জাল ভোট: সাভারের কালিয়াকৈর দারুল মোকাররম আলিম মাদ্রাসা, গেন্ডা অনিবার্ণ কিন্ডারগার্টেন স্কুল, আশুলিয়ার কাইচাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাবালে রহমত আইডিয়াল স্কুল, শিমুলিয়া এসপি হাইস্কুলসহ বেশ কয়েকটি কেন্দ্রে এবং ময়মনসিংহ সদর উপজেলায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কেবি হাইস্কুলের দুটি কেন্দ্রে সরকারদলীয় লোকজন বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দিয়েছেন। জাল ভোট পড়েছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার হাট গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুতদারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ ও দেবীদ্বারের কেন্দ্রে। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের শুকদেব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় আতিকুর রহমান (২৭) নামের এক যুবককে আটক করে পুলিশ। চট্টগ্রামের লোহাগাড়ায় ১২টি কেন্দ্র ঘুরে তিনটিতে অনিয়ম চোখে পড়েছে।
কেন্দ্র দখল: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের ভাই বিমল শিকদার তাঁর লোকজন নিয়ে মাগুরার শালিখা উপজেলার আমিয়ান মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে ভোট দেন। পরে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। এ ছাড়া উপজেলার আরও দুটি কেন্দ্রে জাল ভোট ও বিএনপির এজেন্টকে বের করে দেওয়া হয়। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টায় আওয়ামী লীগের সমর্থকেরা ঢুকে ব্যালটে সিল মারার চেষ্টা করেন। বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের বিশ্ববাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শারসী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্তত ১০টি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে সিল মারা, কেন্দ্র দখল ও বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।
কারাদণ্ড: ফেনীর বিভিন্ন কেন্দ্রে ব্যালট ছিনতাই, কেন্দ্র দখলের চেষ্টা ও বোমাবাজিসহ বিভিন্ন অভিযোগ ১৭ জন এবং পরশুরামে চারজনকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করা হয়েছে।
পুলিশের আগ্নেয়াস্ত্র চুরি: মাগুরার শালিখা উপজেলার গোবরা পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র গতকাল ভোরে নির্বাচনী দায়িত্ব পালন করতে যাওয়া পুলিশ সদস্যের হেফাজত থেকে একটি এসএমজি রাইফেল চুরি হয়েছে।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আমাদের সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা।)