কেন্দ্র দখলে নিয়ে ব্যালটে সিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গতকাল সকালে সংঘর্ষের কারণে ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়। এরপর ব্যালট বাক্স ও ছেঁড়া ব্যালট পেপার জড়ো করে রাখা হয় l ছবি: প্রথম আলো
বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গতকাল সকালে সংঘর্ষের কারণে ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়। এরপর ব্যালট বাক্স ও ছেঁড়া ব্যালট পেপার জড়ো করে রাখা হয় l ছবি: প্রথম আলো

বরিশালের গৌরনদী, উজিরপুর ও আগৈলঝাড়ার ১৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) অধিকাংশ কেন্দ্র দখল করে গতকাল মঙ্গলবার ব্যালট পেপারে সিল দেওয়ার অভিযোগ পাওয়া গেছে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থক ও কর্মীদের বিরুদ্ধে।
ভোটার, প্রার্থী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোট শুরুর সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা কেন্দ্র দখল করে নেন। তাঁরা বিএনপিসহ অন্যান্য দলের চেয়ারম্যান প্রার্থীর এজেন্টদের মারধর করে বের করে দেন। এর প্রতিবাদে গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলায় বিএনপির ১৭ জন চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন বর্জন করার ঘোষণা দেন।
গৌরনদী উপজেলার সমরসিংহ ভোটকেন্দ্রে সকাল সাড়ে নয়টায় দেখা হয় খাঞ্জাপুর ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী আকন সিদ্দিকুর রহমানের সঙ্গে। তিনি অভিযোগ করেন, ভোট শুরুর ২০ মিনিটের মধ্যে সব কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়। ঘাটাইল কেন্দ্রের এজেন্ট মো. নুর আলম, মো. মহসিনকে বেধড়ক পিটিয়ে জখম করা হয়।
চাঁদশী ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী তাইফুর রহমান অভিযোগ করেন, ইউনিয়নের সব কেন্দ্র দখল করে নেন আওয়ামী লীগের প্রার্থীর সমর্থক ও কর্মীরা। সকাল সাড়ে ১০টায় পশ্চিম শাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ধানের শীষের কোনো এজেন্ট নেই। মহিলা বুথে নৌকার এজেন্টের দায়িত্ব পালন করছেন যুবলীগের কর্মী রাসেল ও আনোয়ার হোসেন। জানতে চাইলে তাঁরা বলেন, ‘মহিলা এজেন্ট না থাকায় আমরা এজেন্টের দায়িত্ব পালন করছি।’ ভোটার আবুল কাসেম বলেন, ‘মোর হাত থাইক্কা চেয়ারম্যান ব্যালট নিয়ে হেরা সিল দিছে, মুই খালি মেম্বর ভোট দিছি।’
আগৈলঝাড়ার বাকাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী ও বিএনপির প্রার্থীর কোনো এজেন্ট পাওয়া যায়নি। বাকাল ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী লাবণ্য আক্তার বলেন, তাঁর এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্র দখল করেছে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা। লাবণ্য আক্তার সাড়ে ১০টায় নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা আ. হালিম বলেন, ‘কোথাও থেকে আমরা কোনো অভিযোগ পাইনি।’