কেন্দ্র দখলে নিয়ে ব্যালটে সিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শ্রীপুর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গতকাল শনিবার ব্যালট পেপার ছিনতাই, কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারার অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের ঘটনায় শ্রীকোল ইউপির বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।
এ ছাড়া দো-সতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই হওয়ার পর এই কেন্দ্রের ভোট দুই ঘণ্টার মতো বন্ধ ছিল। নাকোল ইউপির নাকোল সানরাইজ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র ও শ্রীকোল ইউপির বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নয়টি গুলি ছুড়েছেন। বারইপাড়ায় পুলিশ সুপারের উপস্থিতিতে ব্যালটে সিল মারার অভিযোগ উঠেছে।
উপজেলার আট ইউপির তিনটি ঘুরে দেখা গেছে, বেলা ১১টা পর্যন্ত ভোট মোটামুটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। পরে দৃশ্যপট পাল্টে যায়। ক্ষমতাসীন দলের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকেরা অধিকাংশ ভোটকেন্দ্র দখল করে নেন। ভোটারদের তাঁরা নৌকা প্রতীকে প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করেন।
বেলা সাড়ে ১১টার দিকে আমলসার ইউপির বিলসোনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উত্তেজনা দেখা দিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। একই সময় নাকোল ইউপির নাকোল সানরাইজ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ সেখানে দুটি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বেলা দুইটার দিকে শ্রীকোল ইউপির দো-সতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই করা হয়। ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা দশরথ মল্লিক প্রথম আলোকে বলেন, ব্যালট পেপার ছিনতাইয়ের পর ভোট গ্রহণ বন্ধ রাখা হয়। প্রায় দেড় ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিনতাই হওয়া ব্যালট পেপার উদ্ধার করলে আবার ভোট শুরু হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীকোল ইউপির বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাতটি গুলি ছোড়ে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া অভিযোগ করেন, ছাত্রলীগ ও ক্ষমতাসীন দলের লোকজনকে সঙ্গে নিয়ে পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা ওই কেন্দ্রে গিয়ে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেন। পরে তাঁরা প্রায় দুই ঘণ্টা ধরে ব্যালটে সিল মারেন। বারইপাড়া, দো-সতিনা, দরিবিলা, বরিশাট ব্যাপারি পাড়া ও বরিশাট কাজীপাড়া ভোটকেন্দ্র দখল করে ভোট ডাকাতি করা হয়। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জীবন কুমার মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘ভোটকেন্দ্রে সাতটি গুলি ছোড়া হয়। তাঁরা প্রায় দুই ঘণ্টা ধরে ভোট কেটে নেয়। তবে কারা ভোট কেটেছে তাদের আমি চিনতে পারিনি। আমি বিষয়টি নির্বাচন কমিশনে জানিয়েছি।’
ভোট শেষে অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘ওই কেন্দ্রে আমি নিজেই পাঁচটি গুলি করেছি। ভোট কাটাকাটি (ব্যালটে সিল মারা) হয়নি। আমার কোনো আত্মীয়স্বজন এখানে নেই। আমি ভালো ভোট করার চেষ্টা করেছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক মাগুরায় নির্বাচন পর্যবেক্ষণ ও পরিচালনার সঙ্গে যুক্ত একজন কর্মকর্তা বলেন, সব ইউনিয়নে একই ধরনের ভোট হয়েছে। একে ভোট বলা চলে না। অনেক জায়গায় বাইরে থেকে ভোট সুষ্ঠু দেখা গেলেও ভেতরে ভোটারদের প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারতে বাধ্য করা হয়েছে।
জানতে চাইলে মাগুরা জেলা নির্বাচন কর্মকর্তা আহমদ আলী বলেন, কমিশনের নির্দেশে বারইপাড়া ভোটকেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করা হয়। এ ছাড়া ভোট গ্রহণ চলাকালে বারইপাড়া ও নাকোলে নয়টি গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।