কেন্দ্র দখলে হেরে আ.লীগ প্রার্থীর ভোট বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা সদর পৌরসভা নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগে ভোট বর্জন করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী কামরুল আহসান। তবে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, একাধিক কেন্দ্র দখলে গিয়ে দলের বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থক ও পুলিশ-বিজিবির বাধায় টিকতে না পেরেই ভোট বর্জন করেছেন তিনি।
ভোটকেন্দ্র দখল, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর কর্মী-সমর্থকদের সঙ্গে বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষের মধ্য দিয়ে বরগুনা সদরের এ পৌর নির্বাচন শেষ হয়েছে। সংঘর্ষে মেয়র প্রার্থী কামরুল, একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত ৩০ জন আহত হন। রাবার বুলেট বিদ্ধ হন কামরুলের পাঁচ সমর্থকও।
গোলযোগের কারণে বরগুনা সদরের একটি এবং আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকদের ব্যালট ছিনতাইয়ের ঘটনায় বেতাগী পৌরসভার একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। বরগুনা সদরে গোলযোগকালে আটক করা হয় সাতজনকে। তবে শান্তিপূর্ণ ভোট হয়েছে পাথরঘাটা পৌরসভায়।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল ভোট গ্রহণ শুরুর পর সকাল পৌনে নয়টার দিকে মেয়র প্রার্থী কামরুল আহসানের ১৫ থেকে ২০ জন সমর্থক বরগুনা শহরের গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়কেন্দ্রটি দখলে নিয়ে ব্যালটে সিল মারতে থাকেন। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র শাহাদাত হোসেনের কর্মী-সমর্থকেরা বাধা দেন। তখন দুই পক্ষে সংঘর্ষ বাধে। পুলিশ ও বিজিবি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষ চলাকালে বরগুনা সদর থানার ওসি রিয়াজ হোসেন, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা শফিকুল ইসলাম, এক বেসরকারি টিভি চ্যানেলের আলোকচিত্রী মো. সিফাতসহ ২০ জনের মতো আহত হন। এসব ঘটনায় কেন্দ্রটির ভোট গ্রহণ স্থগিত করা হয়।
এরপর সকাল ১০টার দিকে কামরুল সমর্থকদের সঙ্গে নিয়ে বরগুনা সরকারি কলেজকেন্দ্র দখলের চেষ্টা চালান। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের বাধা দেন। সেখানে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ-বিজিবির বাধার মুখে একপর্যায়ে পিছু হটেন তাঁরা।
দুপুর পৌনে ১২টার দিকে কামরুলের লোকজন সরকারি বালিকা বিদ্যালয়কেন্দ্রে হানা দেন। সেখানেও কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। আতঙ্কে ভোটাররা ছোটাছুটি করে কেন্দ্র ত্যাগ করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে এই প্রার্থীর এজেন্টরা পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে কেন্দ্র থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর সেখানে কামরুল উপস্থিত হয়ে কর্মী-সমর্থকদের নিয়ে কেন্দ্র ত্যাগ করে শহরে বিক্ষোভ মিছিল বের করেন। গোলযোগের কারণে কেন্দ্রটিতে আধা ঘণ্টার জন্য ভোট গ্রহণ বন্ধ থাকে।
দুপুর সাড়ে ১২টার দিকে কামরুল শহরে প্রেসক্লাব চত্বরে সমাবেশ করে ভোট বর্জনের ঘোষণা দেন। বেলা একটার দিকে সমাবেশ শেষে কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল করে বরগুনা সরকারি কলেজ কেন্দ্রে গিয়ে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে হামলা চালান। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষ শুরু হলে পুলিশ-বিজিবি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। সংঘর্ষে ইটের আঘাতে কামরুলের কপাল ফেটে যায়। গুলিবিদ্ধ হন নয়ন, সুখদেব সরকার, ফয়সাল, জনি ও অন্তু নামে তাঁর পাঁচ সমর্থক। এই পাঁচজনকে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতাল ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কামরুল সাংবাদিকদের বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার সরকারের ভাবমূর্তি সমুন্নত রাখতে একটি নিরপেক্ষ নির্বাচন চেয়েছিলাম। কিন্তু প্রশাসন শুরু থেকে পক্ষপাতমূলক আচরণ করছে। পুলিশ আমার নেতা-কর্মীদের ভোটকেন্দ্রে মারধর করেছে। প্রশাসন বিদ্রোহী প্রার্থীর পক্ষাবলম্বন করছে। তাই পক্ষপাতদুষ্ট এই নির্বাচন আমরা মানি না।’
আর বিদ্রোহী প্রার্থী শাহাদাত হোসেন বলেন, ‘১৪ ডিসেম্বর থেকে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর লোকজন আমার ও আমার কর্মীদের ওপর একের পর এক হামলা, হুমকি অব্যাহত রেখেছে। ফলে আমি প্রচারণা চালাতে পারিনি। প্রশাসন পক্ষপাতিত্ব করেছে এমন অভিযোগ মিথ্যা।’