কেন্দ্র দখলের অব্যাহত চেষ্টা, ঠেকিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম পৌরসভায় ভোট গ্রহণ চলাকালে আটটি কেন্দ্রে হাঙ্গামা হয়েছে। দিনভর এসব কেন্দ্র দখলের জন্য দফায় দফায় চেষ্টা করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকেরা। প্রতিবারই তা প্রতিহত করেছে পুলিশ, র্যাব ও বিজিবি। চারটি কেন্দ্রে ভোট গ্রহণ কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়েছে।
বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের নেতা ও উত্তরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী মজুমদারসহ আটজনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে র্যাব। এঁদের মধ্যে ভ্রাম্যমাণ আদালত চারজনকে সাত মাসের কারাদণ্ড দেন। আর গোলাম রব্বানী মজুমদারসহ চারজনকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
বিএনপির মেয়র পদপ্রার্থী শাহনাজ আক্তার অভিযোগ করেন, ‘কমপক্ষে ছয়টি কেন্দ্রে আমার এজেন্টকে মারধর করে বের করে দেওয়া হয়েছে। লাকসাম পাইলট মডেল উচ্চবিদ্যালয়ে আমার কর্মী ও ভোটাররা ঢুকতেই পারেনি। জাল ভোট পড়েছে। আল-আমিন ইনস্টিটিউট কেন্দ্রে নারী ভোটারদের ওপর ককটেল ছোড়া হয়েছে।’
অন্যদিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের দাবি করেন, ভোট খুব সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হয়েছে। কোথাও কোনো হাঙ্গামার কথা তিনি শুনতে পাননি।
২০টি কেন্দ্রের মধ্যে এ প্রতিবেদক ১৪টি কেন্দ্র ঘুরেছেন। এর মধ্যে আটটি কেন্দ্রেই হাঙ্গামা, ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এসব কেন্দ্রে নারী ভোটারের উপস্থিতি ছিল কম। এর মধ্যে এ মালেক ইনস্টিটিউশন, লাকসাম পাইলট উচ্চবিদ্যালয় ও আল-আমিন ইনস্টিটিউট কেন্দ্রে বেশি ঝামেলা হয়েছে। এসব কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকদের সরব উপস্থিতি ছিল। স্থানীয় সাংসদ মো. তাজুল ইসলামের শ্যালক ও উপজেলার ভাইস চেয়ারম্যান মহব্বত আলী ও সাংসদের ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলামকেও দেখা গেছে।
সকালে এ মালেক ইনস্টিটিউশন কেন্দ্রে গেলে অন্তত ১০ জন ভোটার এই প্রতিবেদকে বলেন, পাইকপাড়া, বাইনচাটিয়া, ডুরিয়া কৃষ্ণপুর, বড়তোপা এলাকায় মোড়ে মোড়ে কিছু লোক লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছে। তাদের ভয়ে অনেকে কেন্দ্রে আসতে সাহস পাচ্ছেন না। এরপর পাইকপাড়ায় গিয়ে জনা বিশেক মানুষের জটলা দেখা যায়। ভোট দিয়েছেন কি না বা ভোট দিতে যাবেন কি না—এমন প্রশ্নের জবাবে একজন ষাটোর্ধ্ব বৃদ্ধ বলেন, ‘চোখের সামনে দেখছি, একজনের মাথা দি রক্ত পড়ে, ক্যান্নে যামু? কে দিব নিরাপত্তা?’
এম এ মালেক ইনস্টিটিউশন কেন্দ্রে দুপুরের পরপর আবার গিয়ে দেখা যায়, তেমন কোনো ভোটার নেই। পুলিশ এক যুবককে চেয়ারের সঙ্গে বেঁধে রেখেছে। পেট্রলবোমাসহ তাঁকে ধরা হয়েছে। তাঁর নাম আনোয়ার হোসেন। তাঁকে পরে থানায় পাঠানো হয়।
বেলা পৌনে ১১টার দিকে আল-আমিন ইনস্টিটিউট কেন্দ্রের ফটকের কাছেই দুর্বৃত্তরা টানা ১০ মিনিট ককটেল ফাটায় বলে জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা জি আল মোর্শেদ। এ সময় ভোটাররা কেন্দ্র ছেড়ে পালান। আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। ওই কেন্দ্রের পাশেই বাড়ি এমন একজন নারী ভোটার পরে প্রথম আলোকে বলেন, ‘বোমা ছুড়ছে। ব্যাকগুন (সবাই) চলি গেছে আমরার বাসার। পরে আবার আইসছে।’
লাকসাম পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে দফায় দফায় হামলা ও দখলের চেষ্টা হয়েছে। প্রতিবারই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা প্রতিহত করেছে। এখানকার একজন পোলিং কর্মকর্তা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর টহল দল যতক্ষণ কেন্দ্রে অবস্থান করছে, ততক্ষণ ভালোভাবে ভোট নেওয়া যাচ্ছে। বেরিয়ে গেলেই ঝামেলা শুরু হয়।
কেন্দ্রের সামনে দলবল নিয়ে অবস্থান করছিলেন যুবলীগ নেতা ও ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আফতাবউল্লাহ চৌধুরী। ভোট কেমন হচ্ছে, জানতে চাইলে তিনি বলেন, ‘একটু হামাহামি তো হবেই, বাট উই আর ফেয়ার।’
পেট্রলবোমাসহ ধরেও ছেড়ে দেওয়া হয়: কেন্দ্রে হাঙ্গামার চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী আবদুল আলীমের কর্মী সবুজকে আটক করে র্যাব। এরপর তাঁকে নিয়ে নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ কেন্দ্রের পাশে পরিত্যক্ত ছাত্রাবাসে অভিযান চালিয়ে ১০টি পেট্রলবোমা ও দুই বস্তা দেশি অস্ত্র উদ্ধার করে। কিন্তু পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, নাশকতা সৃষ্টির জন্য জামায়াতের কর্মীরা ওই সব অস্ত্রশস্ত্র মজুত করে থাকতে পারে বলে তাঁরা মনে করছেন। এ কারণে সবুজকে ছেড়ে দেওয়া হয়েছে।