
কেন্দ্র দখল করে নৌকা প্রতীকে সিল মারা শুরু করেন আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকেরা। এ খবর পেয়ে বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা তির-বল্লম নিয়ে ছুটে যান সেখানে। এরপর দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের কুঠারচর ইবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রে গতকাল শনিবার এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী, ভোটার ও পুলিশের সঙ্গে কথা বলে এ কথা জানা যায়।
জানা যায়, কুঠারচর ইবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রে সকালে ভোট গ্রহণ শুরুর পর পরিবেশ শান্তই ছিল। তবে সকাল ১০টার দিকে পরিস্থিতি বদলে যায়। এই ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাকিরুজ্জামান রাখালের সমর্থকেরা কেন্দ্রে ঢুকে জাল ভোট দিতে শুরু করেন। এতে বাধা দেওয়ার কেউ ছিল না। কারণ, কুঠারচর গ্রামে শাকিরুজ্জামানের প্রভাব অনেক বেশি। কিন্তু খবর চলে যায় আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া মো. শাজাহান মিয়ার কাছে। সকাল সাড়ে ১০টার দিকে তাঁর দেড় হাজারের মতো সমর্থক তির-বল্লম ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। তাঁদের অনেকেই ছিলেন বহিরাগত। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ থামাতে পুলিশ ১৫৭টি গুলি ছোড়ে। তারপরও দমানো যায়নি।
সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে যে তিনজন নিহত হন, তাঁরা সবাই বিদ্রোহী প্রার্থী শাজাহানের সমর্থক বলে নিশ্চিত হওয়া গেছে। তবে পুলিশ না প্রতিপক্ষের গুলিতে তাঁদের মৃত্যু হয়েছে, তা স্পষ্ট নয়।
নিহত তিনজনের মধ্যে মাজেদ মিয়া (১৫) শেখপাড়া নিম্নমাধ্যমিক উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তার চাচা আবুল কালাম প্রথম আলোকে বলেন, ‘আমার ভাতিজা ওই কেন্দ্রে ভোট দেখতে গিয়েছিল। এ সময় জাল ভোট দেওয়া নিয়ে সংঘর্ষ বাধলে আওয়ামী লীগের প্রার্থী মো. শাকিরুজ্জামান রাখালের নির্দেশে তাঁর লোকজন গুলি শুরু করেন। মনে হয়, তাঁর লোকজনের গুলিতেই আমার ভাতিজার মৃত্যু হয়েছে।’
নিহত আরেকজন নূরুল ইসলাম (৫৫) একই গ্রামের কৃষক। তাঁর ছোট ভাই সাদা মিয়া বলেন, ‘জাল ভোট দিতে বাধা দিতে যাওয়ায় আমার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে।’
এদিকে নিহত তৃতীয় ব্যক্তি কুতুবের চর গ্রামের বাসিন্দা জিয়াউর রহমান (৩২) কুঠারচর ইবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রে বিদ্রোহী প্রার্থী শাজাহানের এজেন্ট ছিলেন বলে জানা গেছে। তাঁর মামা জাহাঙ্গীর আলম বলেন, সকাল ১০টার দিকে আওয়ামী লীগের প্রার্থী শাকিরুজ্জামান তাঁর বাহিনী নিয়ে কেন্দ্রে ঢুকে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় বিদ্রোহী প্রার্থীর এজেন্ট জিয়াউর বাধা দিলে তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যা করা হয়।
আওয়ামী লীগের প্রার্থী শাকিরুজ্জামান অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘ঘটনার অনেক পরে আমি ওই কেন্দ্রে গিয়েছি। বিদ্রোহী প্রার্থীর লোকজন ওই কেন্দ্রে গিয়ে পুলিশের ওপর হামলা চালালে সংঘর্ষ বাধে। এরপর কার গুলিতে তিনজনের মৃত্যু হয়েছে, তা আমার জানা নেই। তদন্ত করলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে।’
জামালপুরের পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, হামলায় জড়িত ব্যক্তিরা কেউই ওই ভোটকেন্দ্রের ভোটার নন। বেশির ভাগের বাড়ি পাশের শেখপাড়া গ্রামে। ওই গ্রামের লোকজনের সঙ্গে আওয়ামী লীগের প্রার্থী শাকিরুজ্জামানের দ্বন্দ্ব রয়েছে। সেই ক্ষোভ থেকেই তাঁরা বিদ্রোহী প্রার্থীর সঙ্গে হাত মিলিয়ে গতকালের ঘটনাটি ঘটিয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, হামলাকারীদের কাছেও আগ্নেয়াস্ত্র ছিল। তাঁদের গুলিতেই ওই তিনজনের মৃত্যু হতে পারে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে গতকাল বেলা তিনটার দিকে কুঠারচর গ্রাম থেকে পুলিশ লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।