কেন্দ্র দখলের নির্বিঘ্ন 'উৎসব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চবিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার (চেয়ারে বসা) উপস্থিতিতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে ব্যালটে সিল দেন দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মো. বাছির (মাঝে), পাশে তাঁর ভাতিজা ছাত্রলীগ কর্মী মো. জাকারিয়া । ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার হীরাপুর শহীদ নোয়াব মেমোরিয়াল উচ্চবিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার (চেয়ারে বসা) উপস্থিতিতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে ব্যালটে সিল দেন দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মো. বাছির (মাঝে), পাশে তাঁর ভাতিজা ছাত্রলীগ কর্মী মো. জাকারিয়া । ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারার ‘উৎসব’ ছিল নির্বিঘ্ন। এই ‘উৎসব’কে কেন্দ্র করে দেশের অন্তত ৪০টি উপজেলায় সহিংসতার খবর পাওয়া গেছে। চলমান উপজেলা নির্বাচনে গতকাল চতুর্থ ধাপের ভোট গ্রহণে এই সহিংসতায় নিহত হন আরও চারজন। আহতের সংখ্যা কমপক্ষে আড়াই শ।
দুপুর গড়ানোর আগেই ভোটের বাক্স ভর্তি! নির্বাচনী সরঞ্জাম ছিনতাই ও আগুন, এজেন্টদের বের করে দিয়ে ভোট জালিয়াতি। কাল এ রকম দৃশ্য ছিল অনেক ভোটকেন্দ্রেই।
তবু দিনের শেষে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমামের বক্তব্য, আগের তিনটির চেয়ে এবারের নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। আর ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আবদুল মোবারক বলেছেন, ‘ব্যবস্থা নিয়েছি, প্রার্থনা করেছি। তবু কিছু কিছু কেন্দ্রে সহিংসতা হয়েছে।’
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এবং জেলা ও উপজেলা প্রতিনিধিরা সরেজমিন ঘুরে কেন্দ্র দখল করে ব্যালটে সিল মারার ঘটনা দেখেছেন ২০ উপজেলার ৯৫টি কেন্দ্রে। এর বাইরে আরও ২৩৮টি কেন্দ্র দখলের অভিযোগ পাওয়া গেছে।
অথচ গত শনিবার নির্বাচনী অনিয়ম ও সহিংসতা রোধে কঠোর হওয়ার জন্য নির্বাচন কমিশন পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার বাহিনীকে চিঠি দেয়। আর সেনাবাহিনীকে ফৌজদারি কার্যবিধির ১৩১ ধারা অনুসারে ক্ষমতা প্রয়োগের অনুরোধ জানিয়ে কমিশন বলে, ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করলে গুলির ব্যবহার হবে।
কিন্তু গতকাল অবাধে ভোটকেন্দ্র দখলের ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল নির্বিকার। নির্বাচনী সরঞ্জাম ছিনতাইয়ের ঘটনায় আওয়ামী লীগের সমর্থকদের বেশি সক্রিয় দেখা যায়। কিছু জায়গায় বিএনপির সমর্থকেরাও ব্যালট পেপার ও বাক্স ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল।
গতকাল চতুর্থ ধাপে দেশের ৯১টি উপজেলায় পাঁচ হাজার ৮৮২টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। কমিশনের হিসাবে শেষ খবর পাওয়া পর্যন্ত ১১ উপজেলায় ৩২টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
নিহত চার: প্রথম ধাপের উপজেলা নির্বাচন ছিল শান্তিপূর্ণ। দ্বিতীয় ধাপে অল্প কিছু এলাকায় সহিংস ঘটনা ঘটে, নিহত হন একজন। তৃতীয় ধাপে মারা যান তিনজন, ভোট জালিয়াতির ঘটনাও বেড়ে যায়। আর চতুর্থ ধাপে সহিংসতা-জালিয়াতি মাত্রা ছাড়িয়েছে। গতকাল মুন্সিগঞ্জের গজারিয়া, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, কুমিল্লার বরুড়া ও ঝালকাঠির রাজাপুরে একজন করে চারজন নিহত হয়েছেন।
গজারিয়ায় কেন্দ্র দখলকে কেন্দ্র করে সংঘর্ষে মারা গেছেন বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন প্রধান (৪৬)। গজারিয়া উপজেলায় আওয়ামী লীগের দুই চেয়ারম্যান পদপ্রার্থী রেফায়েত উল্লাহ খান ও আমিরুল ইসলামের মধ্যে সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন শামসুদ্দিন প্রধানের দুই ভাতিজা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন (৩০) ও কর্মী মো. টিটু (২৮)। একটি কেন্দ্রে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়। দেশীয় অস্ত্র, রামদা-চাপাতি, লাঠিসোঁটা নিয়ে এসব সংঘর্ষে পুলিশসহ অর্ধশত আহত হন।
কুমিল্লার বরুড়া উপজেলার মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গতকাল বেলা দেড়টার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গণসিল মারতে যান। ওই সময় বিএনপির নেতা-কর্মীরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ গুলি ছুড়লে তা যুবদলের কর্মী মনির হোসেনের (৩২) শরীরে বিদ্ধ হয়। বিকেল চারটায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঝালকাঠির রাজাপুর উপজেলার তারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সহিংসতায় মারা গেছেন আওয়ামী লীগের প্রার্থীর সমর্থক রিপন ব্যাপারী (৩০)। বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীদের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হলে লাঠির আঘাত মাথায় লাগে রিপনের। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সংঘর্ষে আরও ২৫ জন আহত হন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তারাগন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিজিবির গুলিতে আবদুল হাদিস (৪২) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি আখাউড়া পৌর বিএনপির সভাপতি এবং ওয়ার্ড কমিশনার মো. বাহার মিয়ার ছোট ভাই। বিজিবি ১২ ব্যাটালিয়নের পক্ষে দাবি করা হয়েছে, বিকেল পৌনে চারটার দিকে ওই কেন্দ্র দখল করতে আসা একদল লোক বিজিবির ওপর হামলা চালালে তারা আত্মরক্ষার্থে গুলি ছোড়ে।
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার দুটি কেন্দ্রে বিএনপির সমর্থকদের ওপর আওয়ামী লীগের সমর্থকদের হামলায় বিএনপির ১০ নেতা-কর্মী আহত হন। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।
পটুয়াখালীর বাউফলে বিএনপি-জামায়াত-সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীদের এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের এজেন্টদের মারধর ও কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় এবং ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ভোলার তিন উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তজুমদ্দিন উপজেলায় এক সংখ্যালঘু পরিবারের ওপর হামলা করে ঘর ও আসবাব ভাঙচুর করা হয়।
কক্সবাজারের কুতুবদিয়ায় নির্বাচনী সহিংসতায় একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত হয়ে যায়। এখানে পাঁচজনকে আটক করে পুলিশ। সংঘর্ষে আহত হন ১২ জন।
ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন আহত হন।
কুষ্টিয়ার দৌলতপুরে কেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে বিএনপি ও আওয়ামী লীগের ১৫ জন নেতা-কর্মী আহত হন।
সিলেট সদর উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারার অভিযোগ উঠেছে। আর কানাইঘাটে কেন্দ্র দখলের চেষ্টা চালালে উত্তেজনা শুরু হয়। আওয়ামী লীগের কর্মীরা একটি কেন্দ্রের ব্যালট বাক্স ছিনিয়ে নিলে ওই কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করা হয়।
গাজীপুরের কালিয়াকৈরে ব্যালট ছিনিয়ে নিয়ে সিল মারা ও ভোট গ্রহণ কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা ঘটে।
পটুয়াখালীর সদর, দুমকি ও মির্জাগঞ্জ উপজেলায় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একটি কেন্দ্রে ফাঁকা গুলি ছোড়ে। সদর ও দুমকিতে ১৩ কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়।
সাতক্ষীরার কলারোয়ায় আওয়ামী লীগ ও জামায়াত-সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হন। জামায়াত-সমর্থকেরা পাঁচটি হিন্দু বাড়িতে হামলা ও ভাঙচুর চালান।
নির্বিঘ্নে কেন্দ্র দখল, সরঞ্জাম ছিনতাই: প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদের উপজেলা চুয়াডাঙার জীবননগরে ৫৩ কেন্দ্রের মধ্যে ৪০টি দখল করে ব্যালট পেপারে গণসিল মারেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর লোকজন। এক কেন্দ্রে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ব্যালট বাক্স ছিনতাই, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটলে কেন্দ্রটিতে ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়। দুর্বৃত্তরা হামলা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি, বরং প্রাণভয়ে কেন্দ্র ছেড়ে পালিয়েছেন।
শনিবার গভীর রাতে কুমিল্লার বরুড়া উপজেলার অন্তত ২০ কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই ও সিল মেরেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। প্রিসাইডিং কর্মকর্তাদের জিম্মি করে রাতভর ওই ব্যালট পেপার ছিনতাই করা হয়।
পটুয়াখালীর বাউফলে ১০৮টি কেন্দ্রের প্রায় সবগুলো দখল করে গণসিল ও জালভোট দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া বিএনপি ও জামায়াত-সমর্থিত প্রার্থীর এজেন্টদের মারধর, ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ফেনীর ফুলগাজী সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে সকালে বিএনপি-সমর্থিত প্রার্থী মাহতাব উদ্দিন চৌধুরীর সমর্থকেরা ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাই করেন। পরে অবশ্য আওয়ামী লীগ-সমর্থিত একরামুল হকের সমর্থকেরা কেন্দ্র দখল করে ভোট দেওয়ার উৎসবে মেতে ওঠেন। সকাল থেকে বেলা দেড়টা পর্যন্ত ৩০টি কেন্দ্রের মধ্যে ১৫টি ঘুরে দেখা যায়, প্রায় সব কেন্দ্রে ভোটের বাক্স ভরা।
বরুড়ায় শনিবার গভীর রাতে অন্তত ২০ কেন্দ্রের ব্যালট পেপার ছিনতাই এবং পরে সেগুলোতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সিল মেরেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সিলেটের কানাইঘাট উপজেলার শিবনগর দারুল কোরআন মাদ্রাসা কেন্দ্রে বেলা সাড়ে তিনটার দিকে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মো. নিজাম উদ্দিনের সমর্থকেরা ঢুকে ব্যালট বাক্স ছিনতাই করে পালিয়ে যান। পরে কেন্দ্রটির ভোট গ্রহণ বাতিল করা হয়। একই সময়ে রায়গড় প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা চালান আওয়ামী লীগের কর্মীরা।
টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে ১৮টি কেন্দ্র দখলের অভিযোগে দুপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাতীয় পার্টির নেতা শামছুল হক তালুকদার। অন্যদিকে বিএনপি-সমর্থিত প্রার্থী গোলাম মোস্তফা ১২টি কেন্দ্র দখলের অভিযোগ করেন।
বরিশালের আগৈলঝাড়া উপজেলার প্রায় প্রতিটি কেন্দ্র দখল ও গণসিল মারার অভিযোগ পাওয়া গেছে। বেলা ১১টার মধ্যে প্রায় প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণ অনেকটাই শেষ পর্যায়ে ছিল। বরিশালের বানারীপাড়া ও উজিরপুর উপজেলায় কেন্দ্র দখলের মহোৎসব করেছেন সরকারদলীয় সমর্থকদের প্রার্থীরা।
ধামরাই উপজেলা নির্বাচনে সহিংসতা, কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই ও জালভোট—সবই করেছেন সরকারদলীয় সমর্থকেরা। ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় একটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
নির্বাচনী সহিংসতার কারণে আজ হরতাল ডাকা হয়েছে পিরোজপুরের মঠবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও ফেনীর সোনাগাজীতে।


চতুর্থ দফায় ৯১ উপজেলায় ভোট
চেয়ারম্যান পদে ৮৫টির বেসরকারি ফল (রাত দেড়টা পর্যন্ত)

৫১
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়ী

২১
বিএনপি-সমর্থিত প্রার্থী জয়ী

৫
জামায়াত-সমর্থিত প্রার্থী জয়ী

১
জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী জয়ী

৭
বিদ্রোহী ও অন্যান্য প্রার্থী জয়ী