কেন্দ্র দখলের মহোত্সব চলছে: রিজভী

চতুর্থ দফা উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রকাশ্যে নগ্নভাবে সহযোগিতা করছেন বলে অভিযোগ করেছে বিএনপি। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দেশের বিভিন্ন উপজেলায় সরকারদলীয় নেতাদের কেন্দ্র দখল, হামলা, ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ করে বলেন, ‘কেন্দ্র দখলের মহোত্সব চলছে। নির্বাচনের উত্সবমুখর পরিবেশ জাদুঘরে চলে গেছে।’
আজ রোববার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন। তিনি অভিযোগ করেন, সারা দেশে ছাত্রলীগ-যুবলীগ ‘সন্ত্রাসীরা’ তাণ্ডব চালিয়ে বেশ কিছু কেন্দ্র থেকে বিএনপি-সমর্থিত প্রার্থীদের বের করে দিয়েছে। র্যাব-পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। নির্বাচন কমিশনও এসব আমলে নিচ্ছে না। তারা সরকারের তল্পীবাহক হিসেবে কাজ করছে।
রিজভী আরও বলেন, ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতায় এসে সরকার উপজেলায় নিজেদের সংখ্যা বৃদ্ধি করছে। এই নির্বাচনকেও ভোটারবিহীন করার ষড়যন্ত্র করছে। তিনি দাবি করেন, নির্বাচনে সেনা মোতায়েন করা হলেও সেনাবাহিনীকে শক্তিশালী বিচারিক ক্ষমতা দেওয়া হয়নি।
ফেনী, বরিশাল, খুলনা, পটুয়াখালী, বরগুনা, রাজশাহী, সিলেট, ঝালকাঠি, বরিশাল, ভোলা, বাগেরহাটসহ বিভিন্ন জেলার উপজেলায় নির্বাচনে ভোটের এ অনিয়ম হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।