কেন্দ্র দখলের শঙ্কা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর বহুল আলোচিত ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন আজ রোববার। নির্বাচনে ৩০টি ভোটকেন্দ্রের সবগুলোকেই অধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে।
এদিকে বিএনপির নেতাদের আশঙ্কা, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে ভোটকেন্দ্র দখল করা হতে পারে। একই আশঙ্কা অনেক সাধারণ ভোটারেরও।
নির্বাচন উপলক্ষে পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব ও আনসার মোতায়েন করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা ও ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক জানান, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে তিনজন বিচারিক হাকিম এবং ১৪ জন নির্বাহী হাকিম নিয়োগ করা হয়েছে।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, উপজেলার মোট ভোটারের সংখ্যা ৭৬ হাজার ৭৮০ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৩৭ হাজার ৮৪৫ জন এবং নারী ভোটার ৩৮ হাজার ৯৩৫ জন।
নির্বাচনের তিন প্রার্থী হলেন আওয়ামী লীগ-সমর্থিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম, বিএনপি-সমর্থিত জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক মাহতাব উদ্দিন আহমেদ ওরফে মিনার চৌধুরী। তিনি একরাম হত্যা মামলার প্রধান আসামি হিসেবে কারারুদ্ধ। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সেলিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বিন্দ্বতা করছেন। স্থানীয় লোকজন তাঁকে আলিমের ‘ডামি’ প্রার্থী হিসেবে বর্ণনা করেছেন।
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে আবদুল আলিম বলেন, এর আগের দুবার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। ভোটাররা এবারও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীকে ভোট দেবেন।
অন্যদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ কেন্দ্র দখল করতে না পারলে এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করলে বিএনপি-সমর্থিত প্রার্থী জিতবেন। তবে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন কি না, সে ব্যাপারে তাঁরা সন্দিহান। তাঁর আশঙ্কা, আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা ভোটকেন্দ্র দখল করতে পারেন।
এদিকে গতকাল শনিবার উপনির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটার আশঙ্কা প্রকাশ করে বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা কেন্দ্র দখল করতে পারেন। তাঁরা বলেন, সকালে নির্বাচনের পরিবেশ দেখে তাঁরা ভোটকেন্দ্রে যাবেন। বোমাবাজি বা দখল হলে তাঁরা ভোটকেন্দ্রে যাবেন না।
গত ২০ মে ফেনী শহর থেকে ফুলগাজী যাওয়ার পথে শহরের একাডেমি এলাকায় দুর্বৃত্তরা উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হকের গাড়ির গতিরোধ করে তাঁকে গুলি করার পর ও পুড়িয়ে হত্যা করে। চেয়ারম্যান একরামুল হকের মৃত্যুতে উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।