কেন্দ্র পরিবর্তনের দাবিতে বিক্ষোভ
আগামী ৩ এপ্রিল অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে গতকাল শনিবার নাটোরের নবাব সিরাজ উদ-দৌলা (এনএস) সরকারি কলেজের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলে, বিগত দিনে তাদের কলেজের শিক্ষার্থীদের সঙ্গে রাণী ভবানী সরকারি মহিলা কলেজের শিক্ষকেরা খারাপ আচরণ করেছেন। অনেককে হয়রানি করেছেন। তাই তারা কেন্দ্র পরিবর্তনের দাবিতে আন্দোলন করছে।
রাণী ভবানী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও ওই পরীক্ষাকেন্দ্রের সচিব নার্গিস সুরাইয়া বেগম বলেন, কিছু পরীক্ষার্থী অনৈতিক সুবিধা নেওয়ার জন্য এ ধরনের আন্দোলন করছে। শিক্ষার্থীদের পড়াশোনা করেই পাস করতে হবে। অনৈতিক সুবিধা দেওয়া হবে না।
কলেজ কর্তৃপক্ষ সূত্র জানায়, এবার এনএস কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র রাণী ভবানী সরকারি মহিলা কলেজে পড়েছে। এ কেন্দ্র পরিবর্তন করে নিজ কলেজে কেন্দ্র করার দাবিতে এনএস কলেজের পরীক্ষার্থীরা গতকাল দুপুর ১২টার দিকে শ্রেণিকক্ষে তালা দিয়ে কলেজ চত্বরে বিক্ষোভ শুরু করে। শিক্ষকেরা বিষয়টি নিয়ে আলোচনার আশ্বাস দিলে তারা শ্রেণিকক্ষের তালা খুলে দিয়ে নাটোর-রাজশাহী সড়কে গিয়ে বিক্ষোভ করে। মিছিল নিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যায়। সেখানে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়।
কলেজের অধ্যক্ষ আবদুল কুদ্দুস মৃধা বলেন, ‘কেন্দ্র স্থানান্তর ও পরিবর্তনের ক্ষমতা শিক্ষা বোর্ডের হাতে। বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে তা বাস্তবায়ন করা আমাদের কাজ। শিক্ষার্থীদের অভিযোগ নিয়ে আমি কেন্দ্রসচিবের সাথে আলোচনা করব।’