কেন্দ্র ফাঁকা, বাক্স ঠাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউপির চকহবিবের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিয়ম লঙ্ঘন করে ভোটদানের গোপন কক্ষে দুজন ভোটার একসঙ্গে ভোট দেন। তাঁদের সহযোগিতা করেন এক আনসার সদস্য। ছবিটি গতকাল সকাল ১০টা ৪৭ মিনিটে তোলা l সোয়েল রানা
বগুড়া সদর উপজেলার রাজাপুর ইউপির চকহবিবের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিয়ম লঙ্ঘন করে ভোটদানের গোপন কক্ষে দুজন ভোটার একসঙ্গে ভোট দেন। তাঁদের সহযোগিতা করেন এক আনসার সদস্য। ছবিটি গতকাল সকাল ১০টা ৪৭ মিনিটে তোলা l সোয়েল রানা

সকাল থেকে দুপুর। কেন্দ্রে ভোটারের উপস্থিতি তেমন চোখে পড়েনি। তবে কেন্দ্র ফাঁকা থাকলেও বাক্স ব্যালটে ঠাসা। সকাল ১০টার মধ্যে দুই ঘণ্টায় কোনো কেন্দ্রে ভোট পড়েছে ৮০ শতাংশ, কোথাও দুপুরের আগেই ৭৫ শতাংশ। আবার অনেক কেন্দ্রে আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে ‘চেয়ারম্যানের ভোট ওপেনে, মেম্বারের ভোট গোপনে’ এমন ‘নিয়ম’ জারি করে নৌকায় ভোট দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার বগুড়া সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে এমন চিত্র দেখা গেছে।
ঘড়িতে তখন কাঁটায় কাঁটায় সকাল ১০টা। বগুড়া শহরের দ্বিতীয় বাইপাস সড়কের পাশে শাপলাকুঁড়ি প্রি ক্যাডেট স্কুল ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটার নেই বললেই চলে। একটি বুথের সামনে পাঁচ-ছয়জন নারী দাঁড়িয়ে। পুরুষ বুথের সামনে কেউ নেই। কেন্দ্রের ভেতরে বিএনপি থেকে সদ্য আওয়ামী লীগে যোগদানকারী স্বতন্ত্র প্রার্থী রাজিবুল ইসলাম খানের কয়েকজন কর্মীর জটলা। প্রিসাইডিং কর্মকর্তা এ টি এম বেনজীর রহমান দায়িত্বরত পুলিশ কর্মকর্তার সঙ্গে শলাপরামর্শ করছেন। তিনি জানান, কেন্দ্রে ভোটারের সংখ্যা ৩৫৭। দুই ঘণ্টায় দুটি বুথে ভোট পড়েছে প্রায় ৮০ শতাংশ। ভোটারের উপস্থিতি তো নেই, এত ভোট পড়ল কীভাবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন নেই, সকাল থেকেই ভোটারের ভিড় ছিল।’
সকাল সাড়ে ১০টায় রাজাপুর ইউনিয়নের চক হাবিবেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব ভবন ভোটকেন্দ্রের ২ নম্বর বুথের সামনে রোদে দাঁড়িয়ে আছেন ১০-১২ জন নারী ভোটার। বেশ কিছু সময় অপেক্ষার পরও বুথের ভেতরে ডাক পড়ছে না ভোটারদের। মণ্ডলের গ্রামের ভোটার মায়া রানী বলেন, ‘সকাল আটটা থাকে লাইনত খাড়া হয়্যা আচি, ভিতর ভোট দিবার ঢুকপার পারিচ্চি না।’
বুথের ভেতরে উঁকি দিতেই দেখা গেল, আপেলা বেগম নামে আনসার সদস্য ব্যালটে সিল মারছেন। সেই দৃশ্যের ছবি তোলার পর তিনি বলেন, ‘ব্যালটে সিল মারছি না, অন্যের সিল মারা ব্যালট ভাঁজ করে বাক্সে ফেলছি।’
প্রিসাইডিং কর্মকর্তা মোমিনুল ইসলাম বলেন, এই কেন্দ্রে ভোটার ৫৬০ জন। আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ২২০টি।
বেলা সাড়ে ১১টার দিকে শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ী এবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রের ২ নম্বর কক্ষে একটি চেয়ারে বসে ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারাজুল ইসলাম। তিনি নিজেকে নৌকার এজেন্ট হিসেবে পরিচয় দেন। তবে বিএনপির প্রার্থীর সমর্থকেরা অভিযোগ করেন, সকাল থেকেই তারাজুল ইসলামের নেতৃত্বে আওয়ামী লীগের লোকজন ভোটারদের প্রভাবিত করছেন। কিছুক্ষণ পর তারাজুল ইসলামের ছোট ভাই মামুনকে আটক করেন বিজিবির এক সদস্য। এ সময় ভাইকে ছাড়িয়ে নিতে ছুটে আসেন তারাজুল ইসলাম। কিছুক্ষণ বাগ্বিতণ্ডার পর মামুনকে ছাড়িয়েও নেন তিনি।
দুপুর ১২টায় এরুলিয়া ইউনিয়নের এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় কোনো ভোটার নেই। কিন্তু ফাঁকা কেন্দ্রেই ভোট পড়েছে ৭০ শতাংশ। ৭ নম্বর কক্ষে ভোটার না থাকায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা চা-পান খেতে গেছেন কেন্দ্রের বাইরে। পরে ফিরে এসে তিনি জানান, ২৮০ জন ভোটারের মধ্যে ১২টা পর্যন্ত ১৭৮টি ভোট পড়েছে। অন্য বুথেও তখন পর্যন্ত ৭০ শতাংশ ভোট পড়েছে।
বেলা সাড়ে তিনটায় সদর সাবগ্রাম ইউপির বুজর্গধামা সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের একটি বুথ থেকে ভোট দিয়ে বের হন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক তরুণ। নাম প্রকাশ না করার শর্ত দিয়ে তিনি বলেন, ভোট দিতে বুথে ঢোকার পর কক্ষের ভেতরে অবস্থানকারী নৌকার কর্মীরা প্রকাশ্যে সিল মারতে বলেন। ইচ্ছা না থাকলেও ভয়ে তিনি নৌকায় ভোট দিয়েছেন।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা মহিউদ্দীন আলিম মাদ্রাসা কেন্দ্রে ঢুকে নৌকার এজেন্ট পরিচয়ে রাজু আহমেদ ও পিন্টু মিয়া নামে দুই তরুণ ব্যালটে সিল মারার সময় ভিজেলেন্স টিমের হাতে ধরা পড়েন। পরে তাঁদের এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানা আখতার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।