কেন্দ্র ফির নামে চাঁদা আদায়ের অভিযোগ
পাবনার ঈশ্বরদী উপজেলায় অষ্টম শ্রেণী সমমানের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষা চলাকালে কেন্দ্র-ফির নামে ৩০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।খোঁজ নিয়ে জানা গেছে, ঈশ্বরদীর রেলওয়ে সরকারি নাজিম উদ্দিন উচ্চবিদ্যালয় কেন্দ্রে এবার উপজেলার ১৮টি মাদ্রাসার মোট ৬০৯ জন শিক্ষার্থী জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে। ফরম পূরণের সময় তাদের প্রত্যেকের কাছ থেকে ১০০ টাকা করে কেন্দ্র-ফি আদায় করা হয়। এর পরও পরীক্ষা চলার সময় কক্ষে কর্তব্যরত শিক্ষকেরা পরীক্ষার্থীদের ৩০ টাকা করে জমা দিতে বলেন। তারা শিক্ষকদের কথামতো ৩০ টাকা করে জমা দিয়েছে। গত শনিবারও কিছুসংখ্যক পরীক্ষার্থীর কাছ থেকে চাঁদা আদায় করা হয়।পরীক্ষার্থী জোবায়ের আহমেদ ও আরজিনা জানায়, কী জন্য এ টাকা দিতে হবে, তা জিজ্ঞেস করলে শিক্ষকেরা তাদের ধমক দিয়ে বসিয়ে দেন। এরপর তারা দুজন বাড়ি থেকে এনে টাকা জমা দেয়।জেডিসি পরীক্ষার সঙ্গে জড়িত নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মাদ্রাসাশিক্ষক জানান, ঈশ্বরদী জেডিসি পরীক্ষাকেন্দ্রের সচিব কামরুজ্জামান মুসার নির্দেশে এ টাকা পরীক্ষার হল থেকে আদায় করা হচ্ছে।কেন্দ্রের সচিব কামরুজ্জামান মুসা জানান, খাতা আনা-নেওয়াসহ পরীক্ষা পরিচালনার জন্য তাঁদের প্রচুর টাকা খরচ হচ্ছে। বর্তমান টাকায় তাঁদের খরচ পুষছে না। পাবনার অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা) মালামাল বহনের জন্য ছাত্রপ্রতি পাঁচ টাকা হারে দেওয়া হচ্ছে। পরীক্ষাকেন্দ্রের খরচ পোষাতে প্রশাসনকে জানিয়ে ৩০ টাকা করে আদায় করা হয়। তবে অনেকেই টাকা দেয়নি।ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকির হোসেন জানান, টাকা আদায়ের কোনো ক্ষমতা সচিবকে দেওয়া হয়নি। আর খরচ পুষিয়ে নেওয়ার অজুহাত সম্পূর্ণ মিথ্যা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।