কেন্দ্র বিলীন, ভোট দেওয়া নিয়ে সংশয়ে ভোটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ অবস্থায় নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২৩ এপ্রিল এই উপজেলার ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলোর নির্বাচনে কোন কেন্দ্রে ভোট দেবেন, তা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাঁরা এলাকা পুনর্বিন্যাস ও সীমানা পুনর্নির্ধারণের দাবি করেছেন। এ দাবিতে এলাকাবাসী নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেছেন।

চৌহালী উপজেলা সাতটি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে মোট ভোটার প্রায় ৮৭ হাজার। এর মধ্যে খাসপুকুরিয়া ইউনিয়নের সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা থাকায় উচ্চ আদালতের নির্দেষে এখানে দীর্ঘদিন ধরেই নির্বাচন হচ্ছে না। তবে এ বছর মামলাটি নিষ্পত্তির সম্ভাবনা রয়েছে। তাই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। বাকি ছয়টির মধ্যে ঘোরজান, উমারপুর, বাঘুটিয়া ও খাসকাউলিয়া এই চারটি ইউনিয়নের ওয়ার্ডের সীমানা নির্ধারণ ও পুনর্বিন্যাস নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে।

সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে আলাপ করে জানা গেছে, ঘোরজান ইউনিয়নের ২ এবং ৪ নম্বর ওয়ার্ড সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়েছে। এই ইউনিয়নে ভোটার সংখ্যা প্রায় ১০ হাজার। ২ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র খাসধলাই আর আরকে দাখিলী মাদ্রাসা নদীগর্ভে চলে যাওয়ায় সেটি একই ওয়ার্ডের করুয়াজানি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করা হয়। পরে সেটিও নদীগর্ভে চলে যায়। এই কেন্দ্রে তিনটি গ্রামের মোট ভোটার সংখ্যা ১ হাজার ৩০০। ৪ নম্বর ওয়ার্ডের মুরাদপুরের দাখিল মাদ্রাসা কেন্দ্রে রয়েছে প্রায় সাত শ ভোটার। এ কেন্দ্রটি পুরোটাই দুই বছর আগে যমুনা নদীতে বিলীন হয়েছে। এ ছাড়া চর-জাজুরিয়া ১ নম্বর ওয়ার্ডের অর্ধেক, চরধীতপুরের ৬ নম্বর ওয়ার্ডের অর্ধেক, রেহাই কাউলিয়ার ৩ নম্বর ওয়ার্ডের অর্ধেকেরও বেশি এলাকা একইভাবে নদীতে বিলীন হয়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইউনিয়ন হলো উমারপুর। এখানে ভোটার সংখ্যা প্রায় ১৮ হাজার। এই ইউনিয়নের বৃদাশুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র নদীতে ভেঙে যাওয়ায় একই ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে কেন্দ্রটি স্থাপন করা হয়। চান্দৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ভেঙে যাওয়ায় নদীর পূর্ব পারে সরিয়ে নেওয়া হয়। পয়লা দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্র নদীতে ভেঙে যাওয়ায় একই ইউনিয়নের চরসলিমাবাদ মৌজায় স্থানান্তর করা হয়েছে। দত্তকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র নদীগর্ভে বিলীন হওয়ায় পাশের ওয়ার্ডের আগশিমুলিয়া মাদ্রাসায় সরানো হয়।

খাসধলাই কেন্দ্রের ভোটার গাজী আহম্মদ আলী, শিক্ষক আবু মুসা এবং পুর্ব মুরাদপুরের ব্যবসায়ী আবদুস ছালাম বলেন, তাঁদের ওয়ার্ডও নেই, ভোটকেন্দ্রও নেই। ভোট কোথায় দেবেন জানেন না। এলাকার অধিকাংশ মানুষ এখন এলাকা ছেড়ে কেউ টাঙ্গাইলের নাগরপুর, কেউ নদীর পশ্চিম পারের শাহজাদপুর, কেউ অন্যান্য ইউনিয়নে আশ্রয় নিয়েছে। এ অবস্থায় ওয়ার্ডের সীমানা পুনর্বিন্যাসের আবেদন করেন তাঁরা।

চৌহালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ঘোরজান ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান হযরত আলী মাস্টার বলেন, উপজেলার সব ইউনিয়নই কমবেশি ক্ষতিগ্রস্ত। ভোটাররা বিচ্ছিন্নভাবে থাকায় কীভাবে কোন কেন্দ্রে ভোট দেবেন, সে বিষয়ে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। এই এলাকার অধিকাংশ ভোটার এলাকার বাইরে থাকায় ভোটের দিন ভোটকেন্দ্রে তাঁদের উপস্থিতি কম হতে পারে।

চৌহালী থানা আওয়ামী লীগের সভাপতি ও খাসকাউলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নওজেস আলী মোল্লা বলেন, যমুনার ভাঙনে ইউনিয়নগুলো ক্ষতিগ্রস্ত হলেও নির্বাচন অনুষ্ঠানে সমস্যা হবে না। ভোটাররা বাইরে বসবাস করলেও ভোট নিয়ে তাঁদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা রয়েছে।

ঘোরজান ইউনিয়নের চেয়ারম্যান আকতারুজ্জামান মন্টু ও ইউপি সদস্য আবু ইউসুফ বলেন, ইউনিয়নবাসীর দাবির পরিপ্রেক্ষিতে সীমানা পুনর্বিন্যাসের জন্য দেড় মাস আগে নির্বাচন কমিশন সচিব, জেলা প্রশাসক, স্থানীয় ইউএনও, জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়ে আবেদন করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে সীমানা পুনর্বিন্যাসের বিষয়ে নির্বাচন কমিশন থেকে আবেদনগুলো তদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনগত বাধা না থাকায় ভোটারদের কষ্ট হলেও স্ব স্ব ওয়ার্ডেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তা ছাড়া খাসপুকুরিয়া ইউনিয়নের মামলাটিও নিষ্পত্তি হয়ে গেছে।