কেন্দ্র মেরামত করে ভোট গ্রহণের উপযুক্ত করা হবে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ বলেছেন, ভোটকেন্দ্রে নাশকতার ঘটনায় ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলো তাত্ক্ষণিকভাবে মেরামত করে ভোট গ্রহণের জন্য প্রস্তুত করা হবে। আজ শনিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে মিডিয়া সেন্টার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
সিইসি জানান, বিশেষ প্রয়োজনে অল্প কিছু কেন্দ্র পরিবর্তন করা হতে পারে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে বলে জানান তিনি। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামীকালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি কাজী রকিব উদ্দীন আহমেদ বলেন, ‘রাজনৈতিক সংকট সমাধানের দায়িত্ব কার, সেটা আমার বলা ঠিক হবে না। দেশবাসী ও ইতিহাস তা বিচার করবে।’
সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানিয়ে সিইসি বলেন, গুজব ও অসত্য তথ্য জনমনে আতঙ্ক সৃষ্টি করে। তাই সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।
নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারটি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আর্থিক সহায়তায় নির্মিত হয়েছে। মিডিয়া সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে সিইসিসহ নির্বাচন কমিশনের অন্য কমিশনার ও সচিবেরা উপস্থিত ছিলেন।