কেন্দ্র সচিবের অবহেলায় অন্য সেটে পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে গত সোমবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ইংরেজি দ্বিতীয় পত্রের রচনামূলক পরীক্ষা ‘ক’ সেটের পরিবর্তে ‘খ’ সেটে নেওয়া হয়েছে। সুনির্দিষ্ট কারণ ছাড়াই এমনটি হওয়ায় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। জানা গেছে, আলমডাঙ্গা পাইলট উচ্চবিদ্যালয়ের কেন্দ্রসচিবের অবহেলায় এ ঘটনা ঘটেছে। তবে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমিরুল ইসলাম খান বলেছেন, খাতাগুলো ‘খ’ সেটের প্রশ্নপত্র অনুযায়ী উত্তরপত্র যাচাই করা হবে। যাদের গাফিলতির কারণে এ সমস্যা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১ নভেম্বর সারা দেশে একযোগে জেএসসি পরীক্ষা শুরু হয়। আলমডাঙ্গা পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ বছর ১১টি মাধ্যমিক বিদ্যালয়ের এক হাজার ৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এই কেন্দ্রের প্রধান শিক্ষক রবিউল ইসলামের বিরুদ্ধে গত বছর কর্তব্যে অবহেলার অভিযোগ ওঠায় এ বছর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রশিদকে কেন্দ্রসচিব ও হারদী মীর শামসুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামকে সহকারী কেন্দ্রসচিবের দায়িত্ব দেওয়া হয়। সূত্র আরও জানায়, একমাত্র আলমডাঙ্গা পাইলট উচ্চবিদ্যালয় ছাড়া চুয়াডাঙ্গা জেলার সবকটি কেন্দ্রে সোমবার ইংরেজি দ্বিতীয় পত্রের রচনামূলক পরীক্ষা ‘ক’ সেটে নেওয়া হয়। আলমডাঙ্গা পাইলট উচ্চবিদ্যালয়ের কেন্দ্রসচিব আবদুর রশিদ বলেন, অসতর্কতার কারণে প্রশ্নের সেট পাল্টে গেছে। পরবর্তী করণীয় বিষয়ে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পরামর্শ চাওয়া হয়েছে। চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন বলেন, সাধারণত প্রশ্নপত্র ফাঁস হওয়ার আশঙ্কাসহ নানা কারণে দুই থেকে তিন সেট প্রশ্নপত্র বোর্ড থেকে সরবরাহ করা হয়। তবে পরীক্ষা গ্রহণের আগ মুহূর্তে বোর্ড কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বোর্ড আওতাভুক্ত সব কেন্দ্রে একই সেটে পরীক্ষা নেওয়া হয়।