কেন্দ্রকে দুর্বল করে স্থানীয় সরকার শক্তিশালী হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান বলেছেন, কেন্দ্রীয় সরকারকে দুর্বল করে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার চিন্তা অবাস্তব। সাংসদদের পক্ষে কেন্দ্রে যোগাযোগ করা সহজ বলে অনুদান তাঁরাই নিয়ে থাকেন। এটা স্থানীয় জনপ্রতিনিধিরা মানতে পারেন না বলেই সমস্যা। গতকাল শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত ‘গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ জাতীয় কনভেনশন-২০১০’-এ বিশেষ অতিথির বক্তব্যে মসিউর রহমান এ মন্তব্য করেন। মসিউর রহমান বলেন, ‘বর্তমানে বিভিন্ন স্থানীয় প্রতিষ্ঠানের আইনগুলো অবাস্তব ও সাংঘর্ষিক। স্থানীয় সরকারের অরাজনৈতিক নির্বাচন ব্যবস্থার কারণেই স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে সাংসদের দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। একই কারণে দেশের স্থানীয় সরকার ব্যবস্থা দুর্দশাগ্রস্ত হয়ে পড়ছে। এ অবস্থার পরিবর্তনের জন্য স্থানীয় সরকার আইনের সংশোধন দরকার। সরকারও এ ব্যাপারে আন্তরিক।অনুষ্ঠানের সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, সরকারের সব সেক্টরেই রাজনৈতিক অংশগ্রহণ থাকতে হবে। তা না হলে সরকারের উদ্যোগ সফল হবে না।স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, বর্তমান সরকার গত দুই বছরে স্থানীয় সরকারে বরাদ্দ বাড়িছে, যা ঐতিহাসিক এবং আশাব্যঞ্জক। তবে সে অর্থ অধিকাংশ ক্ষেত্রেই অপচয় হয়েছে। এটা দুর্ভাগ্যজনক। এর কারণ কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত কেউই স্থানীয় সরকার আইন মেনে চলেন না। অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা স্থানীয় প্রতিনিধিরা সাংসদদের অসহযোগিতার কারণে কাজ করতে পারছেন না বলে অভিযোগ করেন। এ সময় বক্তব্য দেন বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি হারুন-অর-রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান সমন্বয় পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি মাহাবুবুর রহমান, মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান আজমতউল্লাহ খান প্রমুখ। এ বিষয়ে সাংসদ মেহের আফরোজ বলেন, উন্নয়নের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে শক্তিশালী স্থানীয় সরকারব্যবস্থার বিকল্প নেই। তবে বাংলাদেশ এখনো এতটা উন্নত দেশ হয়নি যে সাংসদেরা কেবল সংসদে বসে আইন প্রণয়ন করবেন।কনভেনশনে সংবিধানের আলোকে প্রশাসনিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিকেন্দ্রীকরণসহ সমন্বিত জাতীয় গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতিমালা প্রণয়ন ও কার্যকর করাসহ ১৭ দফা দাবি পেশ করেন কনভেনশনের সদস্যসচিব মহসিন আলী।