কেন্দ্রগুলো দুধ না কেনায় বিপাকে খামারিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ফরিদপুর ও ভাঙ্গুড়া উপজেলায় সরকারি-বেসরকারি ক্রয়কেন্দ্রগুলো ঠিকমতো দুধ না নেওয়ায় বিপাকে পড়েছেন খামারিরা। উৎপাদিত দুধ বিক্রি করতে না পেরে হাটে হাটে ঘুরছেন তাঁরা। প্রতি লিটার দুধের দাম অন্তত ৩০ টাকা করে কমে গেছে।
খামারিদের দাবি, এক সপ্তাহ ধরে সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠানই তাঁদের কাছ থেকে ঠিকমতো দুধ নিচ্ছে না। সবচেয়ে বেশি সমস্যা করছে মিল্ক ভিটা। প্রতিষ্ঠানটি বিনা নোটিশে যখন-তখন দুধ সংগ্রহ বন্ধ রাখছে। ফলে উৎপাদিত দুধ বিক্রি করতে হিমশিম খেতে হচ্ছে খামারিদের। হাট-বাজারে ঘুরে কিছু দুধ বিক্রি করা হলেও তা পরিমাণ ও দামে অনেক কম। ৫০ থেকে ৫৫ টাকার প্রতি লিটার দুধ বিক্রি করতে হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়।
ফরিদপুরের আরকান্দি গ্রামের আবদুল মোমিন বলেন, তাঁর খামারে প্রতিদিন প্রায় ১০০ লিটার দুধ উৎপাদন হয়। এই দুধ তিনি দুটি বেসরকারি ক্রয়কেন্দ্রে বিক্রি করতেন। কিন্তু ওই কেন্দ্রগুলো দুধ কেনা কমিয়ে দেওয়ায় তিনি সমস্যায় পড়েছেন। তিন দিন ধরে তিনি বাজারে ঘুরে ঘুরে দুধ বিক্রির চেষ্টা করছেন।
ভাঙ্গুড়া উপজেলার হাংলাগাড়ি দুগ্ধ সমিতির সভাপতি মো. নূরুজ্জামান বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা খামারিরা বিপদে আছি। বারবার দুধের দাম কমছে, ক্রয়কেন্দ্রে যখন-তখন দুধ নেওয়া বন্ধ করে দিচ্ছে। কিন্তু গোখাদ্যের দাম কমছে না। দুধ বিক্রি হোক বা না হোক গাভিগুলোকে বাঁচিয়ে রাখতে ওগুলোকে তো খাওয়াতেই হচ্ছে। ফলে আমাদের পথে বসার উপক্রম হয়েছে।’
খামারিদের সঙ্গে কথা বলে জানা যায়, ফরিদপুর ও ভাঙ্গুড়ার অধিকাংশ মানুষ দুগ্ধ খামারের ওপর নির্ভরশীল। এখান থেকে প্রতিদিন গড়ে প্রায় আড়াই লাখ লিটার দুধ উৎপাদিত হয়। এই উৎপাদিত দুধের একটি বড় অংশ সংগ্রহ করে সরকারি দুগ্ধ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান মিল্ক ভিটা। এ ছাড়া ব্র্যাক, আড়ং, আকিজ, প্রাণসহ বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান উপজেলা দুটির বিভিন্ন এলাকায় নিজস্ব ক্রয়কেন্দ্রের মাধ্যমে দুধ সংগ্রহ করে। কিন্তু চলতি বছরের টানা অবরোধ ও হরতালে অবস্থা বদলে যায়। যানবাহন চলাচল বন্ধ থাকায় ক্রয়কেন্দ্রগুলো দুধ সংগ্রহ কমিয়ে দেয়। মাঝে অবরোধ-হরতাল শিথিল হলে দুধ সংগ্রহ কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। কিন্তু সম্প্রতি হঠাৎ করেই ক্রয়কেন্দ্রগুলো আবার দুধ সংগ্রহ কমিয়ে দেয়। ফলে নতুন করে বিপাকে পড়েছেন দুগ্ধ খামারিরা।
এ প্রসঙ্গে মিল্ক ভিটার ভাঙ্গুড়া উপজেলা ক্রয়কেন্দ্রের ব্যবস্থাপক ফয়সাল হোসেন বলেন, বাজারে গুঁড়া দুধের আধিক্য থাকায় তরল দুধের চাহিদা কমে গেছে। এ ছাড়া রাজধানী ঢাকার আশপাশে নতুন নতুন দুগ্ধ খামার গড়ে উঠেছে। সব মিলিয়ে বাজারে চাহিদার তুলনায় দুধের উৎপাদন বেশি হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে তাঁরা সর্বোচ্চ পরিমাণ দুধ সংগ্রহের চেষ্টা করছেন বলে জানান মিল্ক ভিটা কর্মকর্তা।
ব্র্যাকের ফরিদপুর দুগ্ধ সংগ্রহ কেন্দ্রের ব্যবস্থাপক রোকন উদ্দিন বলেন, ‘কে কী সমস্যায় দুধ কিনছে না তা আমাদের জানা নেই। তবে আমাদের ফরিদপুর কেন্দ্রে প্রক্রিয়াকরণ সমস্যায় আমরা দুধ সংগ্রহ বন্ধ রেখেছি।’