কেন্দ্রঘোষিত কমিটি প্রত্যাখ্যান একাংশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় কমিটি ঘোষিত চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের তিন সদস্যের কমিটি প্রত্যাখ্যান করেছে ছাত্রলীগের একাংশ। তাঁরা নতুন কমিটির সভাপতিকে অছাত্র, সন্ত্রাসী, মাদকসেবী ও মাদক ব্যবসার পৃষ্ঠপোষক উল্লেখ করে অবিলম্বে তাঁকে প্রত্যাহারের দাবি জানান।
গতকাল রোববার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একাংশের নেতারা বলেন, তাঁদের এ দাবি মেনে নেওয়া না হলে ছাত্রধর্মঘট ও শিক্ষাঙ্গন অচল করাসহ হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, একটি কুচক্রী মহলের ইশারায় কোনো যাচাই-বাছাই ছাড়া ও নিয়মশৃঙ্খলা না মেনে গত ১৯ মে কেন্দ্রীয় কমিটি সাকিউল ইসলাম, আরিফুর রেজা ও মারুফ আহমেদকে যথাক্রমে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক করে চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি ঘোষণা করে। এ কমিটির তিনজনকেই জামায়াত-শিবিরের তাণ্ডবের সময় রাজপথে পাওয়া যায়নি। তাঁদের মাধ্যমে ছাত্রলীগে শিবিরের অনুপ্রবেশ ঘটেছে। খোদ সভাপতিই (সাকিউল) একসময় ছাত্রশিবিরের সদস্য ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক অহিদুজ্জামান অহিদ।
সাকিউল ইসলাম দাবি করেন, ‘নতুন কমিটির তিনজনই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছেন। তিনি নিজেও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হচ্ছে, তা মিথ্যা ও বানোয়াট। সাকিউল নিজেকে আওয়ামী পরিবারের সন্তান এবং কখনোই শিবিরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে দাবি করেন।