চলমান এসএসসি পরীক্ষায় উত্তরপত্র জালিয়াতির অভিযোগে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিবের দায়িত্ব পালনকারী মোহনলাল বিশ্বাসকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম বোর্ড কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানায়।তদন্ত কমিটির সুপারিশক্রমে মোহনলাল বিশ্বাসকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পূরবী চৌধুরীকে কেন্দ্রসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক তদন্তের প্রেক্ষিতে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহনলাল বিশ্বাসের কিছু অনিয়ম ধরা পড়ায় তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’ চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৩ ও ৮ ফেব্রুয়ারি বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রের পরীক্ষার দিনে একজন পরীক্ষার্থীর উত্তরপত্র জালিয়াতির ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।