কেন্দ্রসচিবসহ তিনজনকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চবিদ্যালয় কেন্দ্রের সচিবসহ তিনজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানায়, এসএসসির ইংরেজি মাধ্যমের পদার্থবিদ্যা বিষয়ের পরীক্ষায় সৃজনশীল প্রশ্নপত্রের স্থলে ভুলে ব্যবহারিক প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয়। এ ভুলের জন্য তাঁদের তিনজনকে অব্যাহতি দেওয়া হয়। জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন তাঁদের অব্যাহতিপত্রে স্বাক্ষর করেন।
এই তিনজন হলেন কেন্দ্রসচিব মো. শফিক উল্লাহ, সহকারী কেন্দ্রসচিব মো. ফরহাদ ও দায়িত্বরত শিক্ষক মো. শামসুদ্দিন।
গতকাল পদার্থবিজ্ঞান, ইতিহাস, বাংলাদেশ ইতিহাস ও বিশ্বসভ্যতা, ব্যবসায় পরিচিতি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ের পরীক্ষা হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান জানান, চট্টগ্রামে গতকাল পাঁচটি বিষয়ের পরীক্ষায় ২৩১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।