কেন্দ্রসচিবের অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র ভাঙচুরের ঘটনার জন্য কেন্দ্রসচিবকে দায়ী করে তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন অভিভাবকেরা। গতকাল সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে সকাল ১০টায় জেলা প্রশাসকের সঙ্গে নরসিংদী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষকেরা বৈঠক করেন। সভায় জেলা প্রশাসক ওবায়দুল আজম পরীক্ষার্থীদের পরবর্তী পরীক্ষাগুলো যাতে সুষ্ঠুভাবে হয়, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেন। পাশাপাশি ভাঙচুরের ঘটনার তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলী আহসানকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের নির্দেশ দেন। শিক্ষার্থীদের পরবর্তী পরীক্ষা যাতে বাধাগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখার পরামর্শও দেন।নরসিংদী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক আল আমিন বলেন, শিক্ষকদের সঙ্গে পরীক্ষার্থীদের শুধু ভুল-বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। কারণ ব্যবসায় শিক্ষা বিষয়ের তাত্ত্বিক পরীক্ষার সময় বেশি আর পদার্থবিজ্ঞান বিষয়ে পরীক্ষার সময় ১০ মিনিট কম। পরীক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের অতিরিক্ত সময় বুঝতে না পেরে মনে করেছে, তাদের খাতা আগে নেওয়া হচ্ছে।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, কেন্দ্র ভাঙচুরের ঘটনায় কেন্দ্র কর্তৃপক্ষ সরকারি সম্পদ নষ্টের অভিযোগে থানায় একটি অভিযোগপত্র দেয়। পরীক্ষার্থীদের কথা চিন্তা করেই অভিযোগটি মামলা হিসেবে লিপিবদ্ধ করা হয়নি।