কেন্দ্রসচিবের অবহেলায় পরীক্ষা দেওয়া হলো না...
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় কেন্দ্রসচিবের অবহেলায় দুজন এসএসসি পরীক্ষার্থী একটি বিষয়ের নৈর্ব্যক্তিক অংশের পরীক্ষা দিতে পারেনি বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে ওই দুই পরীক্ষার্থী গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছে। গত বুধবার উপজেলার উদ্দিন-আমিনা খাতুন কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শিলুয়া উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থী রবি মুন্ডা ও গৌতম তেলী কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। গত বুধবার তাদের বিজ্ঞান বিষয়ের পরীক্ষা ছিল। সকালে তারা অটোরিকশায় করে কেন্দ্রে যাচ্ছিল। পথে এটি বিকল হয়ে যায়। এ অবস্থায় তারা হেঁটে সকাল ১০টা ১৮ মিনিটে কেন্দ্রে হাজির হয়। এর আগে সকাল ১০টা থেকে নৈর্ব্যক্তিক অংশের পরীক্ষা শুরু হয়ে যায়।
কেন্দ্রে পৌঁছানোর পর কেন্দ্রসচিব মুহিবুর রহমান তাদের ডেকে তাঁর কার্যালয়ে নিয়ে যান। এ সময় তারা দেরিতে আসার কারণ জানিয়ে কক্ষে যেতে চাইলে কেন্দ্রসচিব তাদের অযথা বসিয়ে রাখেন। নৈর্ব্যক্তিক অংশের পরীক্ষার পর পরবর্তী আড়াই ঘণ্টার সৃজনশীল অংশের পরীক্ষায় তাদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।
কেন্দ্রসচিব মুহিবুর রহমান তাঁর বিরুদ্ধে আনা অবহেলার অভিযোগ অস্বীকার করে বলেন, ওই দুই পরীক্ষার্থী ১০টা ৪৩ মিনিটে কেন্দ্রে পৌঁছায়। তখন সৃজনশীল অংশের পরীক্ষা চলছিল। নৈর্ব্যক্তিক অংশের পরীক্ষা আগেই শেষ হয়ে যায়।