এসএসসি পরীক্ষায় সময় নিয়ে ভুল-বোঝাবুঝিকে কেন্দ্র করে বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের আইপিজে পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা গতকাল রোববার কেন্দ্রসচিবের কক্ষে হামলা চালিয়েছে। এ সময় পুলিশের লাঠিপেটায় এক পরীক্ষার্থী আহত হয়।জানা গেছে, বিজ্ঞান বিভাগের পদার্থ বিষয়ের পরীক্ষা এবার নতুন ও পুরোনো নিয়মে গ্রহণ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, আইপিজে পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে বিজ্ঞান বিষয়ের পরীক্ষার হলে কর্তব্যরত শিক্ষকেরা বহুনির্বাচনী পরীক্ষার নির্ধারিত সময় পর খাতা জমা নিয়ে নেন। কিন্তু পরীক্ষার্থীরা জানায়, সৃজনশীল পরীক্ষার পর ১০ মিনিট বিরতির নিয়ম থাকলেও বিরতি দেওয়া হয় ২০ মিনিট। এরপর বহুনির্বাচনী পরীক্ষা শুরু হয়। কিন্তু ৩৫ মিনিট সময় না দিয়ে ২৫ মিনিট পর তাদের খাতা নিয়ে নেওয়া হয়। এ ঘটনায় পরীক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং কেন্দ্রসচিবের কক্ষে হামলা চালায়।