কেন্দ্রসচিবের গাফিলতি বিপাকে ১২ পরীক্ষার্থী
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ডিগ্রি পাস কোর্সের প্রথম বর্ষের মনোবিজ্ঞান পরীক্ষার তারিখ ১৫ মার্চের পরিবর্তে ২১ মার্চ পুনর্নির্ধারণ করে। কিন্তু খুলনার ডুমুরিয়া উপজেলায় একটি কেন্দ্রের সচিব আগের তারিখেই পরীক্ষা নিয়েছেন। কেন্দ্রসচিবের গাফিলতির কারণে ওই পরীক্ষায় অংশ নেওয়া ১২ জন শিক্ষার্থী বিপাকে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা জানান, শাহপুর মধুগ্রাম ডিগ্রি কলেজের কেন্দ্র ছিল ডুমুরিয়া ডিগ্রি কলেজে। ১৫ মার্চ এই কেন্দ্রসহ সারা দেশে মনোবিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়ার কথা ছিল। তবে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই পরীক্ষা ২১ মার্চ নেওয়ার ঘোষণা দেয়। এই ঘোষণা সংবাদপত্র ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে। তার পরও ডুমুরিয়া কলেজ কেন্দ্রে ১৫ মার্চই সেই পরীক্ষা নেওয়া হয়েছে।
ওই তারিখে পরীক্ষা নেওয়ার বিষয়ে জানতে চাইলে ডুমুরিয়া কলেজ কেন্দ্রের সচিব ও ওই কলেজের অধ্যক্ষ গোলাম হায়দার বলেন, ‘১৫ তারিখের সময়সূচি পরিবর্তনের কথা আমি জানতে পারিনি বলে ওই পরীক্ষা নিয়েছি।’
তবে শাহপুর মধুগ্রাম ডিগ্রি কলেজ কেন্দ্রের সচিব ও ওই কলেজের অধ্যক্ষ আমিনুর রহমান বলেন, ‘আমি ৯ মার্চ ওয়েবসাইটে সময়সূচি পরিবর্তনের ঘোষণা দেখেছিলাম বলে শনিবার (১৫ মার্চ) পরীক্ষা নিইনি।’
নাম প্রকাশ না করার শর্তে এক পরীক্ষার্থী বলেন, ‘ডুমুরিয়া কলেজের অধ্যক্ষের ভুলের কারণে আজ আমাদের এত বড় ক্ষতি হলো।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সামছু দ্দৌজা বলেন, ‘পরীক্ষা খুবই সিরিয়াস জিনিস। কিন্তু দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের গাফিলতির কারণেই এমন একটা ঘটনা ঘটেছে। অধ্যক্ষ যে কীভাবে পরীক্ষা নিয়েছেন, তা আমি জানি না।’
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান বলেন, ‘তারিখ পরিবর্তনের ঘোষণা সংবাদপত্রে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়ার ও জেলা প্রশাসকের কার্যালয়কে জানানোর পরও কীভাবে ওই কলেজের অধ্যক্ষ জানলেন না, তা বুঝতে পারছি না। ওই পরীক্ষা বাতিল করা হবে। আর এই ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’