কেন্দ্রসচিবেরা স্মার্টফোন নিতে পারবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালে কেন্দ্রসচিবেরা ছবি তোলা যায় এমন ফোন (স্মার্টফোন) ব্যবহার করতে পারবেন না। অন্য শিক্ষকেরা পরীক্ষার কেন্দ্রে ফোন নিতে পারবেন না। ফোন অফিস কক্ষে রেখে যেতে হবে।
এসএসসি পরীক্ষা নিয়ে গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। কাল বৃহস্পতিবার শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবার এসব পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন। গতবারের চেয়ে পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৩৫ হাজার ৯০ জন।
শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষাসংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, এবার বাংলা দ্বিতীয় পত্র ও ইংরেজির দুই পত্র ছাড়া সব বিষয়ের পরীক্ষা হবে সৃজনশীল প্রশ্নপত্রে। প্রশ্নপত্রে এমসিকিউ অংশের ১০ নম্বর কমিয়ে সৃজনশীলে তা বাড়ানো হয়েছে। অর্থাৎ ১০০ নম্বরের পরীক্ষা হলে সেখানে এমসিকিউ অংশের নম্বর হবে ৩০ এবং সৃজনশীল অংশের নম্বর হবে ৭০।
শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সুযোগ নেই।
সময়সূচি অনুযায়ী তত্ত্বীয় পরীক্ষা ২ মার্চ শেষ হবে এবং ব্যবহারিক পরীক্ষা ৪ মার্চ শুরু হয়ে ১১ মার্চ শেষ হবে।