কেন্দ্রীয় ও স্থানীয় সরকার—দুই পর্যায়েই ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। এখন যেমন কেন্দ্রীভূত সরকার রয়েছে, তা কখনো জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না।ব্র্যাক এবং দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশের যৌথ উদ্যোগে গৃহীত প্রকল্প ‘সামাজিক আন্দোলন এবং জবাবদিহিমূলক স্থানীয় সরকার: এমডিজি ইউনিয়ন’-এর অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান।গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন।আকবর আলি খান বলেন, ‘কেন্দ্রীয় সরকারের দায়িত্ব হবে স্থানীয় সরকারকে ক্ষমতা দেওয়া। আর স্থানীয় সরকারের কর্তব্য হলো ক্ষমতাকে জনগণের কাছে নিয়ে যাওয়া। দুর্ভাগ্যবশত, কোনো পর্যায়েই বিকেন্দ্রীকরণ হচ্ছে না।’প্রকল্পের নানা দিক নিয়ে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের দেশীয় প্রতিনিধি বদিউল আলম মজুমদার। তিনি জানান, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অর্জনের ক্ষেত্র প্রস্তুত করতে ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত ময়মনসিংহের চারটি ইউনিয়নে প্রকল্পটি পরিচালিত হয়। তিনি এর বিভিন্ন সাফল্য তুলে ধরেন। আকবর আলি খান প্রকল্প নিয়ে কথা বলতে গিয়ে মন্তব্য করেন, এমডিজি জোগানতাড়িত, চাহিদাতাড়িত নয়। এটা জাতিসংঘের লক্ষ্য, জনগণের কাছ থেকে আসেনি। একে চাহিদাতাড়িত করতে জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনার দরকার ছিল। তা কতটুকু হয়েছে, এ নিয়ে সন্দেহ আছে। ‘স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে এটা দিনের পর দিন শুনে আসছি। কথাগুলো এত বেশি উচ্চারিত হয়েছে যে এখন আর এর শক্তি বলতে কিছু নেই। বাকি অংশটুকু আছে’—এই তির্যক মন্তব্য স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক আলাউদ্দিন এম আমীনুজ্জামানও স্থানীয় সরকারের উন্নয়নে বিদেশি পরামর্শদাতাদের বলয় থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। সুশাসন প্রতিষ্ঠিত করতে সামাজিক পুঁজির বিকাশের প্রয়োজনীয়তার কথা বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিলারা চৌধুরী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম এবং এশিয়া ফাউন্ডেশনের দেশীয় পরিচালক হাসান মজুমদার। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।