সিলেট কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করে ‘সেন্ট্রাল পার্ক’ গড়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল বৃহস্পতিবার শহরতলির বাদাঘাট এলাকায় কেন্দ্রীয় কারাগার স্থানান্তর প্রকল্পের উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।
অর্থমন্ত্রী গতকাল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে বর্তমান সরকারের আমলে বাস্তবায়িত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে সিলেট-১ আসন থেকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নির্বাচিত হওয়ার পর সিলেটের পরিকল্পিত উন্নয়নের জন্য ‘আলোকিত সিলেট’ ঘোষণা করেন। নগরের কেন্দ্রস্থলের ধোপাদিঘিরপাড় এলাকা থেকে সিলেট কেন্দ্রীয় কারাগার স্থানান্তর-প্রক্রিয়া ‘আলোকিত সিলেট’ পরিকল্পনায় শুরু হয়। অর্থমন্ত্রী গতকাল বেলা আড়াইটায় বর্তমান সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে যান। ‘সেন্ট্রাল পার্ক’ সিলেটের জন্য প্রথম হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘একটি মডেল পার্ক গড়তে যা যা করণীয়, তা করা হবে।’
কেন্দ্রীয় কারাগার পরিদর্শনকালে অর্থমন্ত্রীর সঙ্গে সিলেট সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ শাহজাহান, সাংসদ শফিকুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুজ জহির চৌধুরী, ডিআইজি প্রিজন (চলতি) টিপু সুলতান, কারা উপমহাপরিদর্শক কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।