কেন্দ্রীয় কারাগারে হঠাৎ নিরাপত্তা জোরদার

ঢাকা কেন্দ্রীয় কারাগার ও এর আশপাশে হঠাৎ করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যার পর পুলিশ-র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে।
বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে অবস্থান নিয়েছেন। পুলিশের লালবাগ বিভাগীয় উপকমিশনার মফিজ উদ্দিন জানান, ‘ওপরের নির্দেশে’ নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি প্রথম আলোকে বলেন, ‘কারণ এই মুহূর্তে বলা যাচ্ছে না। কারা কর্তৃপক্ষই বলতে পারবে। আমি নিজেও সেখানে যাচ্ছি।’
জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির প্রস্তুতি হিসেবে কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার করা হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে রাত পৌনে আটটার দিকে কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল প্রথম আলোকে বলেন, ‘কারা কর্তৃপক্ষ আমাদের সেখানে যাওয়ার ব্যাপারে কিছু জানায়নি। ডাকলে যাব।’
কামারুজ্জামানে আইনজীবী শিশির মনির প্রথম আলোকে বলেন, কারা কর্তৃপক্ষ কামারুজ্জামানের পরিবার কিংবা তাঁদের (আইনজীবী) সঙ্গে এখনও যোগাযোগ করেনি।