কেন্দ্রীয় চাকরি নিয়োগকেন্দ্র স্থাপনের সুপারিশ
দেশের দক্ষ জনবলের জন্য উপযুক্ত কর্মসংস্থান খুঁজে পেতে কেন্দ্রীয় চাকরি নিয়োগকেন্দ্র স্থাপনের সুপারিশ করেছেন শিল্পোদ্যোক্তা ও বিনিয়োগ-কারীরা। তাঁরা এই নিয়োগকেন্দ্রের সঙ্গে চাকরিদাতা প্রতিষ্ঠানের সংযোগ শক্তিশালী করার তাগিদ দেন। গতকাল রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চাকরি মেলা উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা: বিদ্যমান পরিস্থিতি ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে এই সুপারিশ করা হয়। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিলের তত্ত্বাবধানে বেসরকারি সংস্থা গণসাক্ষরতা অভিযান ও এর সহযোগী সংস্থাগুলো এই মেলার আয়োজন করে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জীবন কুমার চৌধুরী। গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরীর সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম, বায়রার সভাপতি শাহজালাল মজুমদার, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহজাহান মিঞা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ, বিশ্বব্যাংকের কর্মকর্তা মোখলেছুর রহমান, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কাশেম, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম প্রমুখ। তথ্য বিবরণী।