সাংসদ শাহ্রিয়ার আলম সভাপতি পদপ্রার্থী ছিলেন। কাউন্সিল অধিবেশনে সবাইকে অবাক করে দিয়ে তিনি নিজেই সাবেক সভাপতি ওমর ফারুক চৌধুরীর নাম সভাপতি হিসেবে প্রস্তাব করেন। আবার সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন সাংসদ কাজী আবদুল ওয়াদুদ। তিনিও একইভাবে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের নাম সাধারণ সম্পাদক হিসেবে প্রস্তাব করেন।
এভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় গতকাল শনিবার রাজশাহী জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দুই ব্যবসায়ী-সাংসদ এভাবেই প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। সরে দাঁড়ান অপর সাধারণ সম্পাদক পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের আগের কমিটির সাংগঠনিক সম্পাদক আইনজীবী লায়েব উদ্দিনও।
দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনের আগের দিন গত বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর পুঠিয়া উপজেলা সদরে একটি কমিউনিটি সেন্টারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাংসদ শাহ্রিয়ার আলম সভাপতি এবং রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাংসদ কাজী আবদুল ওয়াদুদ সাধারণ সম্পাদক হিসেবে আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করেন। এ অনুষ্ঠানে দুটি আসনের কাউন্সিলরদের উপস্থিতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট বিনিময়ের চুক্তি হয়। অনুষ্ঠানে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিনও উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানায়, সকাল ১০টায় সম্মেলন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দুপুর সাড়ে ১২টায় সম্মেলন শুরু হয়।
নিজের প্রার্থিতা প্রত্যাহারের ব্যাপারে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্রিয়ার আলম বলেন, সকালে রাজশাহী সার্কিট হাউসে কেন্দ্রীয় নেতারা তাঁদের নিয়ে বসেছিলেন। একটা সমঝোতার প্রস্তাব দিয়েছিলেন। তিনি নিজে একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। এ অবস্থায় সভাপতি হিসেবে জেলা আওয়ামী লীগের দায়িত্ব পালন করা তাঁর জন্য একটা চ্যালেঞ্জিং ব্যাপার হতে পারে, এই বিষয়টি কেন্দ্রীয় নেতারা তাঁকে বোঝান। পরে তিনি সেটা মেনে নিয়েছেন।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাংসদ কাজী আবদুল ওয়াদুদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তিনি ফোন ধরেননি। সাধারণ সম্পাদক পদপ্রার্থী লায়েব উদ্দিনের সঙ্গেও কথা বলা সম্ভব হয়নি। তবে আগের দিন রাতে কেন্দ্রীয় নেতারা যখন রাজশাহীতে আসেন তখন থেকেই রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ছিলেন। তিনি জানান, কেন্দ্রীয় নেতারা সমঝোতার প্রস্তাব দিয়ে সভাপতি হিসেবে ওমর ফারুক চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে আসাদুজ্জামানের নাম প্রস্তাব করলে সবাই মেনে নিয়েছেন।
রাজশাহী নগরের তেরখাদিয়া এলাকায় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত এ সম্মেলন অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সাংসদ আখতার জাহান। উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। এতে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম, জাহাঙ্গীর কবির, আন্তর্জাতিক সম্পাদক সাংসদ ফারুক খান, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সৈয়দ আশরাফুল ইসলাম কোনো রাজনৈতিক বক্তব্য দেননি। তিনি বলেন, ‘প্রতিদিনই আপনারা টেলিভিশনে দেখছেন। প্রতিদিন নতুন কথা বলা যায় না।’
বেলা সাড়ে তিনটায় প্রথম অধিবেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দ্বিতীয় অধিবেশন শুরু হয়।