হরতাল চলাকালে যশোরে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য টি এস
আইয়ুবসহ দলের ৩৩ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার আদালতে হাজির হয়ে তাঁরা জামিন
আবেদন করেন। আবেদনটি নামঞ্জুর করে যশোর জজ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুমী আহম্মেদ তাঁদের কারাগারে
পাঠানোর নির্দেশ দেন।
এর পরপরই জেলা বিএনপির উদ্যোগে তাৎক্ষণিকভাবে যশোর প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। সমাবেশ থেকে
দুদিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আজ সোমবার বিকেলে বাঘারপাড়া উপজেলা সদরে ও
কাল মঙ্গলবার যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে বিক্ষোভ সমাবেশ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম
এ কর্মসূচির ঘোষণা দেন।
গত ২৩ এপ্রিল যশোরের বাঘারপাড়া উপজেলার ভাটার আমতলা এলাকায় হরতালের সমর্থকেরা পুলিশের ওপর হামলা
চালায়। এতে পুলিশের চার কর্মকর্তা আহত হন।
বাঘারপাড়া থানার ওসি রাম প্রসাদ ভক্ত বলেন, ওই ঘটনায় ৪২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০
জনকে আসামি করা হয়।