কেন্দ্রীয় ব্যাংকের নিবিড় তদারকিতে গ্রামীণ ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের কাছে গ্রামীণ ব্যাংকের রিটার্ন, প্রতিবেদন ও আর্থিক বিবরণী দেওয়ার বাধ্যবাধকতা রেখে গ্রামীণ ব্যাংক অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গ্রামীণ ব্যাংকের অনুমোদন ছাড়া এ সংস্থার নাম কেউ প্রসপেক্টাস বা বিজ্ঞাপনে বা অন্য কোনোভাবে ব্যবহার করলে আইন ভঙ্গের শাস্তির মেয়াদ বাড়ানোর কথাও বলা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩-এর খসড়ার ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রায় চার ঘণ্টার বৈঠকে মন্ত্রিসভায় ১৪টি বিবেচিত বিষয়ে আলোচনা করা হয়।

 বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানান, ১৯৮৩ সালের অধ্যাদেশকে আইনে পরিণত করার জন্যই গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩ বাংলায় প্রণয়ন এবং কিছু সংশোধনী এনে অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে আনা সংশোধনগুলোও এ আইনের অন্তর্ভুক্ত করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইন করার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন আনা হচ্ছে না। গ্রামীণ ব্যাংকের মালিকানায় সরকারের অংশীদারত্ব ২৫ শতাংশই রাখা হয়েছে। ৭৫ শতাংশ থাকছে গ্রামীণ ব্যাংকের শেয়ারধারীদের কাছে। ১৯৮৩ সালে সামরিক অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠার পর থেকেই নোবেলজয়ী প্রতিষ্ঠানটি যে কর অব্যাহতি-সুবিধা পেয়ে আসছিল, তা-ও আগের মতোই থাকবে।

তবে ব্যাংকের অনুমোদিত মূলধন ৩৫০ কোটি টাকা থেকে বাড়িয়ে এক হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩০০ কোটি টাকা করার কথা বলা হয়েছে আইনের খসড়ায়। এ আইন পাস হলে গ্রামীণ ব্যাংকের পরিচালকদের মেয়াদ হবে তিন বছর।

মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, আগে গ্রামীণ ব্যাংক কেবল সরকারকে আর্থিক প্রতিবেদন দিত; এখন সরকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংককেও আর্থিক প্রতিবেদন দিতে হবে। এ ছাড়া এ আইন ভাঙলে শাস্তির পরিমাণও বাড়ানো হয়েছে।

গ্রামীণ ব্যাংক থেকে ঋণ পাওয়ার জন্য কেউ মিথ্যা তথ্য দিলে আগে এক বছর কারাদণ্ড এবং দুই হাজার টাকা জরিমানার বিধান ছিল। প্রস্তাবিত খসড়ায় তা এক বছর ও ১০ হাজার টাকা করা হয়েছে। আবার গ্রামীণ ব্যাংকের অনুমোদন ছাড়া এ সংস্থার নাম কেউ বিজ্ঞাপনে বা অন্য কোনোভাবে ব্যবহার করলে ছয় মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানার বিধান ছিল অধ্যাদেশে। আইন হলে এই সাজা হবে এক বছর কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা।

এ আইন পাস হলে গ্রামীণ ব্যাংকের কর্তৃত্ব বাংলাদেশ ব্যাংকের হাতে চলে যাবে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, খসড়ায় একাধিক জায়গায় বাংলাদেশ ব্যাংকের কথা বলা হয়েছে। তাদের বেশ কিছু দায়িত্বও দেওয়া হয়েছে। তবে এটা নিয়ন্ত্রণ নয়। তিনি বলেন, ক্ষুদ্রঋণ দেওয়ার পর গ্রামীণ ব্যাংকের সেই অর্থ আদায়ের ক্ষমতা আগের মতোই থাকবে। তবে কেউ যাতে হয়রানির শিকার না হন, তা কীভাবে নজরদারি করা হবে, ভেটিংয়ের সময় তা ঠিক করা হবে বলে জানান সচিব।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, মন্ত্রিসভায় পাঠানো এ আইনের প্রস্তাবে আরও উল্লেখ রয়েছে, বাংলাদেশ ব্যাংক সরকারকে অবহিত রেখে আদেশ বা প্রজ্ঞাপনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আইনের খসড়ায় বলা আছে, সরল বিশ্বাসে কোনো কাজের জন্য সরকার বা বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে বা তাদের কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। এ ছাড়া নির্বাচিত পরিচালকের পদ শূন্য হলে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পরিচালক নির্বাচন না হওয়া পর্যন্ত সরকার কর্তৃক নিযুক্ত দুজন পরিচালক, চেয়্যারম্যানসহ তিনজন পরিচালকের ব্যক্তিগত উপস্থিতিতে সভার কোরাম হবে। এর পরে ওই কোরামের জন্য মোট চারজন পরিচালকের ব্যক্তিগত উপস্থিতির প্রয়োজন হবে।

মিথ্যা বিবরণ, প্রসপেক্টাস বা বিজ্ঞাপনে ব্যাংকের নাম ব্যবহারের বিষয়টিকে অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ব্যাখ্যা করে বলেন, ‘অধ্যাদেশে যা ছিল, আইনেও তাই রয়েছে। দণ্ডের পরিমাণ বৃদ্ধি ছাড়া নতুন কিছুই যুক্ত করা হয়নি।’ তিনি আরও বলেন, ব্যাংকের নাম বলতে গ্রামীণ ব্যাংকের লোগোকে বোঝানো হয়েছে, ‘গ্রামীণ’ শব্দটিকে নয়। তবে গ্রামীণ নাম নিয়ে অন্য কোনো কোম্পানি গঠন করা যাবে কি না, তা স্পষ্ট করে জানাতে পারেননি তিনি।

 ২২ দিন সরকারি ছুটি: আগামী ২০১৪ সালে ২২ দিনের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর মধ্যে ১৪ দিন সাধারণ ছুটি এবং আট দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি। ২২ দিন ছুটি থাকলেও কয়েকটি সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার হওয়ায় কার্যত ছুটি পাওয়া যাবে ১৬ দিন। চলতি বছরও ২২ দিন ছুটি ছিল, তবে শুক্র ও শনিবার বাদে মোট ছুটি পাওয়া গেছে ১৮ দিন।

ইটভাটা নিয়ন্ত্রণ আইন: বিধি লঙ্ঘনের দায়ে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে ইটভাটা নিয়ন্ত্রণ আইনে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর খসড়াটি এখন আইন মন্ত্রণালয়ে ভেটিং শেষে পাসের জন্য সংসদে উত্থাপিত হবে। ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার নিষিদ্ধ, ইটভাটা নির্মাণের এলাকা নির্ধারণ ও মাটির ব্যবহার ইত্যাদি নির্দিষ্ট করে আইনের খসড়া তৈরি করা হয়েছে।

ইমারত নির্মাণের নকশা অনুমোদন: বৈঠকে ইমারত নির্মাণের নকশা অনুমোদনবিষয়ক প্রস্তাবে সংশোধনী আনার প্রস্তাব করা হয়। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সাভারে রানা প্লাজা ধসের পর ভবন নির্মাণের অনুমতি কে দেবে, তা নিয়ে গণপূর্ত বিভাগ মন্ত্রিসভায় একটি অবস্থানপত্র দেয়। গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত জনপ্রতিনিধিদের এসব বিষয়ে ক্ষমতা দেওয়া হয়েছে। তবে কারিগরি দক্ষতার কিছু অভাব রয়েছে, তাই ইউনিয়ন পরিষদ বা পৌরসভার জনপ্রতিনিধিরা বা জেলা পরিষদ কতটুকু ভবনের জন্য অনুমতি দিতে পারবে, তার একটি নির্দিষ্ট সীমা করে দেওয়া হবে।

এ ছাড়া বৈঠকে ভোজ্যতেলে ভিটামিন ‘এ’ সমৃদ্ধকরণ আইন, যশোরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালার খসড়া, আইনি সহায়তা প্রদান আইন, ২০১৩-এর অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ উচ্চশিক্ষা কমিশন আইন, ২০১৩-এর অনুমোদন না দিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য বলা হয়েছে। এ ছাড়া বৈঠকে টিসিবিকে শক্তিশালী করার প্রস্তাবের খসড়া নীতিগত অনুমোদনও দেওয়া হয়। টিসিবির অনুমোদিত মূলধন পাঁচ কোটি টাকা থেকে ১০০ কোটি করা হয়েছে।