বাংলাদেশে হিন্দুদের ফেরত পাঠানো
কেন্দ্রীয় সরকার ও ১৮ রাজ্যের জবাব চেয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট
বাংলাদেশ থেকে যাওয়া হিন্দুদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে একটি জনস্বার্থ আবেদনে ভারতের কেন্দ্রীয় সরকার ও ১৮টি রাজ্য সরকারের জবাব চেয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সাম্প্রদায়িক নির্যাতনের শিকার হয়ে যেসব বাংলাদেশি ভারতে গেছে, তাদের অন্য সব অবৈধ অভিবাসীর সঙ্গে মিলিয়ে দেশে ফেরত না পাঠানোর জন্য বলা হয়েছে ওই আবেদনে। বেসরকারি সংস্থা (এনজিও) ‘স্বজন’-এর পক্ষে আইনজীবী শুভদ্বীপ রায় ভারতের সুপ্রিম কোর্টে ওই আবেদনটি করেন গত বছরের আগস্ট মাসে। এতে বাংলাদেশ থেকে ভারতের আসাম রাজ্যে যাওয়া হিন্দুদের সমস্যার বিষয়টি উল্লেখ করা হয়। পরে বিচারপতি পি সত্যশিবম এবং বিচারপতি রঞ্জন গগৈ আবেদনকারী শুভদ্বীপ রায়কে বলেন, বাংলাদেশ থেকে আসা হিন্দুদের নিয়ে সমস্যা শুধু আসামের একার নয়, অন্যান্য রাজ্যেও এ সমস্যা আছে। বিষয়টি নিয়ে আরও গবেষণার জন্য আইনজীবী শুভদ্বীপ রায়কে নির্দেশ দেন আদালত। এর নয় মাস পর স্বজনের আইনজীবী এম এন কৃষ্ণমানি ও পিংকি আনন্দ সুপ্রিম কোর্টের ওই দুই বিচারপতির বেঞ্চকে জানান, আদালতের পর্যবেক্ষণই ঠিক ছিল। ভারতের মোট ১৮টি রাজ্যে এ সমস্যা আছে। পরে এ বিষয়ে জবাব দেওয়ার জন্য ভারতের কেন্দ্রীয় সরকার এবং ১৮টি রাজ্য সরকারকে নির্দেশ দেন আদালত। টাইমস অব ইন্ডিয়া।