কেন্দ্রীয় ও জেলা আ.লীগের পৃথক প্রার্থী!
নোয়াখালী জেলা আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড ঘোষিত প্রার্থী সামছুদ্দীন জেহানকে দলীয় সমর্থন দেওয়ার দাবিতে তাঁর সমর্থকেরা গতকাল শনিবার জেলা সার্কিট হাউসের সামনে ও শহরে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলকারীরা এ সময় জেহানের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়।দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন বোর্ড ১৩ ডিসেম্বর নোয়াখালী পৌরসভায় মেয়র পদে দলের সমর্থিত প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক সামছুদ্দীন জেহানের নাম ঘোষণা করেন। কিন্তু ১৮ ডিসেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা সহসভাপতি গোলাম মহিউদ্দিনকে দলীয় সমর্থন দেওয়া হয়। এ নিয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর মধ্যে ১৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গোলাম মহিউদ্দিন ও সামছুদ্দীন জেহান ছাড়াও জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল হক বাহার, এ কে এম সাইফুদ্দিন সোহান, আবদুর রহমান ও মিথুন ভট্ট মনোনয়নপত্র দাখিল করেন। এরপর গত কয়েক দিন ধরে দলীয় সমর্থন পরিবর্তনের নানা গুজব ছড়ালেও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।এদিকে সংরক্ষিত আসনের নারী সাংসদ ফরিদুন্নাহার লাইলী গত শুক্রবার নোয়াখালী সার্কিট হাউসে আসেন। এ সময় জেহানের সমর্থকেরা সার্কিট হাউসে জড়ো হতে থাকেন। তাঁরা জেহানকে দলীয় সমর্থন দেওয়ার দাবিসংবলিত ব্যানার নিয়ে সেখানে (সার্কিট হাউসে) এবং জেলা শহরে মিছিল করেন। সাংসদ ফরিদুন্নাহার লাইলী এই বিষয়ে বলেন, ‘জেহানের পক্ষের লোকজন আমার কাছে তাঁদের দাবি উত্থপন করেছেন। আমি তাঁদের বলেছি কেন্দ্র থেকে যাকেই মনোনয়ন দেওয়া হয় তিনিই দলের প্রার্থী। এ ক্ষেত্রে যাঁর যত ত্যাগই থাকুক তাঁর পক্ষেই কাজ করতে হবে।’